পাঁচ হারের পর কলকাতার স্বস্তির জয়
উইকেটে তখন সঞ্জু স্যামসন। তখন টিভি পর্দায় হঠাৎ দুই দলের অধিনায়কের তুলনা টানা হলো। একদিকে রাজস্থান রয়্যালসের স্যামসন, ওদিকে কলকাতা নাইট রাইডার্সের শ্রেয়াস আইয়ার। এবারের আইপিএলে দুই অধিনায়কের পারফরম্যান্স প্রায় কাছাকাছি। দুজনই প্রায় সমান গড়ে সমান রান করছেন। তবে স্ট্রাইকরেটে স্যামসন বেশ এগিয়ে।
আজ অবশ্য দুজনের মধ্যে সে পার্থক্য অনেক কম ছিল। কিন্তু রানে এগিয়ে ছিলেন আবার স্যামসন। কিন্তু ম্যাচ শেষে হাসি আইয়ারের। ৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে কলকাতা। টানা পাঁচ হারের পর জয় পেল কলকাতার।
আইপিএলে এবার দুটি দল প্রায় এক ঘোড়ার দল হয়ে উঠেছে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পুরোপুরি নির্ভরশীল লোকেশ রাহুলের ব্যাটে, রাজস্থানও তেমন নির্ভর জস বাটলারে। এরই মধ্যে তিনটি শতক পেয়ে যাওয়া বাটলার ব্যর্থ। একটু কঠিন উইকেটে ইনিংস গুছিয়ে আক্রমণের পরিকল্পনা ছিল। কিন্তু ২৫ বল খেলে মাত্র ২২ রানে বিদায় নিয়েছেন ইংলিশ ওপেনার।
আইপিএলে দেড় শ স্ট্রাইকরেটে রান করেছেন স্যামসন। আজ বাটলারও ফিরে গেছেন। তাই অধিনায়ককে দুই ভূমিকা নিতে হতো, আক্রমণের সঙ্গে সঙ্গে রানের চাকাও ধরে রাখার। কিন্তু আজই ঝড় তুলতে ব্যর্থ স্যামসন। এক প্রান্ত ধরে শেষ দিকে ঝড় তোলার পরিকল্পনাও কাজে আসেনি। ৪৯ বলে ৫৪ রান করা স্যামসন ১৮তম ওভারের প্রথম বলে ফিরেছেন। দলের রান তখন মাত্র ১১৫!
শিমরন হেটমায়ার আজ ছন্দ ফিরে পেয়েছিলেন। বাকি ১৭ বলেই ৩৭ রান পেয়েছে রাজস্থান। ১৩ বলে ২৭ রান হেটমায়ারের। তবু মাত্র ১৫৩ রানের লক্ষ্য পেয়েছিল কলকাতা।
টানা পাঁচ হারা এক দলের জন্য এটাও যে কঠিন, সেটার প্রমাণ দিয়েছে কলকাতা। পাওয়ার প্লেতেই দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও বাবা ইন্দ্রজিত ফিরেছেন। অধিনায়ক আইয়ার ও ফর্মে থাকা নীতিশ রানা এরপর হাল ধরেছেন। দুজনের জুটিতে এসেছে ৬০ রান। এরপরই ধাক্কা।
বোল্টের বলে আইয়ারকে আউট দেননি আম্পায়ার। কিন্তু উইকেটের পেছনে থাকা স্যামসন নিশ্চিত ছিলেন গ্লাভসের ছোঁয়া লেগেই তাঁর কাছে এসেছে বল। তাই রিভিউ নিতে দ্বিধা করেননি। ৩২ বলে মাত্র ৩৪ রান করে ফিরেছেন কলকাতা অধিনায়ক।
কলকাতার কাজটা ততক্ষনে সহজ হয়ে গেছে। ৪৩ বলে মাত্র ৬১ রান দরকার ছিল। প্রথম বলেই চার মেরে সেটা ৫৭তে নামিয়ে আনেন রিঙ্কু সিং। ডাগআউউটে তখনো অপেক্ষায় আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের মতো বিগ হিটাররা। কিন্তু পরের তিন ওভার থেকে এসেছে মাত্র ১৮ রান। প্রসিধ কৃষ্ণর ১৭তম ওভার থেকেও এসেছে মাত্র ৮ রান।
১৮তম ওভারে ছন্দ বদলায়। যুজবেন্দ্র চাহালের প্রথম দুই বলেই চার রিঙ্কুর, পরের বলে ২। লক্ষ্য কমে ১৫ বলে ২১। ওভার শেষে সেটা ১৮।
১৯তম ওভারের শুরুটা দারুণ করেছিলেন প্রসিধ কৃষ্ণ। কিন্তু তৃতীয় বলে ওয়াইড, এর পরের বলে ট্রেন্ট বোল্টের মিসফিল্ডে কভার দিয়ে চার পেয়ে যান রিঙ্কু। আরও তিন ওয়াইড ও এক চার মিলিয়ে ১৯তম ওভারে কলকাতা পেয়ে যায় ১৭ রান!
শেষ ওভারে মাত্র ১ রান দরকার ছিল কলকাতার। কুলদীপ সেনের প্রথম বলেই ছক্কা মেরে আনুষ্ঠানিকতা শেষ করেছেন নীতিশ। ৩৭ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন নীতিশ। রিঙ্কুর ৪২ রান এসেছে ২৩ বলে।