পাঁচে পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৭, ৯৯, ৬৫, ৫০, ১১২। পাঁচ ম্যাচে এক সেঞ্চুরি, চার ফিফটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে অসাধারণ এক সিরিজ কাটালেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে পাঁচ ম্যাচেই ৫০ ছাড়ানো ইনিংস খেলা তৃতীয় ব্যাটসম্যান হেলস। প্রথম কীর্তিটি ইয়াসির হামিদের। পাকিস্তানের ব্যাটসম্যান ২০০৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হেলসের মতোই ১টি সেঞ্চুরি ও ৪টি ফিফটি করেছিলেন। ২০১৪ সালে ইয়াসিরের পাশে বসেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পাঁচ ম্যাচেই ফিফটি করেন। কিউই ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসটা ছিল ৮৮ রানের। সিরিজের রেকর্ড তো ছোঁয়া হলো, হেলস নিশ্চয়ই এবার চোখ রাখবেন ওয়ানডেতে টানা পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ডে। ১৯৮৭ সালে টানা ৯ ইনিংসে ৫০ পেরিয়েছিলেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ।