পাঁচে ১০০ স্টার্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টে ১০০ উইকেট পেলেন স্টার্ক। ছবি: এএফপি।
টেস্টে ১০০ উইকেট পেলেন স্টার্ক। ছবি: এএফপি।

পাল্লেকেলে টেস্টে কুশল মেন্ডিজের সেঞ্চুরিই শ্রীলঙ্কার জয়ে বড় অবদান রেখেছিল। আজ গলে সেই মেন্ডিস সেঞ্চুরি করতে না পারলেও দারুণ এক ইনিংস খেলে মান বাঁচালেন দলের। ইনিংসের শুরুতেই মিচেল স্টার্কের আঘাতে শ্রীলঙ্কার ব্যাটিং যখন নড়বড়ে, তখনই এক দিক আগলে রেখে মেন্ডিস লঙ্কানদের নিয়ে গেছেন সম্মানজনক একটা জায়গায়। তাঁর ৮৬ রানের সঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথুসের ৫৪, কুশল পেরেরার ৪৯ আর ধনঞ্জয় ডি সিলভার ৩৭ রানের সুবাদে গল টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়েছে ২৮১ রানে।
স্টার্ক শুরুতেই ফিরিয়েছিলেন দ্বিমুথ করুণারত্নে আর কৌশল সিলভাকে। ৯ রানে ২ উইকেটে লঙ্কানদের তখন কাঁপাকাঁপি অবস্থা। এমন পরিস্থিতিতেই তৃতীয় উইকেটে কুশল পেরেরা ও কুশল মেন্ডিসের ১০৮ রানের জুটি। নাথান লায়নের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়ে পেরেরার বিদায়ের পর চতুর্থ উইকেটে মেন্ডিস ৬৭ রানের জুটি গড়েন ম্যাথুসের সঙ্গে। এই দুটো জুটি যখন ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছিল, তখনই আবার আঘাত অস্ট্রেলিয়ার বোলারদের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শ্রীলঙ্কা দলীয় সংগ্রহটা থেমেছে ৩০০ রানের নিচেই।
৫ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে আজই শততম উইকেটের মালিক হলেন স্টার্ক। পাঁচ উইকেটের মধ্যে মেন্ডিসের উইকেটটিতেই হয়তো তিনি সবচেয়ে বেশি তৃপ্ত। লঙ্কান এই ব্যাটসম্যান যেভাবে খেলছিলেন, তাতে পাল্লেকেলের পুনরাবৃত্তি হওয়া অসম্ভব কিছু ছিল না। সে টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর ১৭৬ রানই ব্যবধান গড়ে দিয়েছিল দুই দলের। কিন্তু চা-বিরতির আগেই মেন্ডিসকে ফিরিয়ে অস্ট্রেলীয় অধিনায়কের সেই শঙ্কা দূর করেছেন তিনি।
ব্যাটিংয়ে এসে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্ব ফার্নান্ডোর বলে ফেরেন জো বার্নস। তবে শুরুর বিপর্যয়টা এই প্রতিবেদন লেখার সময় ভালোভাবেই সামাল দিয়েছেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। ওয়ার্নার বেশ মারকুটে মেজাজেই খেলেছেন, আউট হওয়ার আগে ৪১ বলে করেছেন ৪২ রান। খাজা অপরাজিত আছেন ১১ রানে। দিন শেষে ১৩.৩ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৫৪/২। তথ্যসূত্র: টেন ৩।