পাঁচ-ছয় বছর শাসন করবে ভারত, কোহলির ভবিষ্যদ্বাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন অধিনায়ক কোহলি জানালেন নিজের লক্ষ্যের কথা। ছবি: এএফপি
নতুন অধিনায়ক কোহলি জানালেন নিজের লক্ষ্যের কথা। ছবি: এএফপি

ভারতীয় দলে ধোনি-যুগের অবসান হয়েছে গত ডিসেম্বরেই। শুরু হয়েছে কোহলি-যুগ। অবশ্য জানুয়ারিতে সিডনি টেস্টে অধিনায়ক হিসেবে হাতেখড়ি হয়ে গেছে। তবে সেটা ছিল ‘ভারপ্রাপ্ত’ হিসেবে। এবার পূর্ণ অধিনায়ক হিসেবে বাংলাদেশ সফরে আসছেন বিরাট কোহলি। দায়িত্ব পেয়ে নিজের লক্ষ্য জানালেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক। জানালেন, অন্তত পাঁচ-ছয় বছরে ক্রিকেটে শাসন করবে তাঁর দল।

ক্রিকইনফোর মাসিক সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে সবিস্তারে নিজের লক্ষ্য জানালেন কোহলি। বললেন, ‘মনেপ্রাণে দেখতে চাই, আগামী পাঁচ-ছয় বছর শাসন করবে ভারতীয় দল।’ কোন আত্মবিশ্বাসে কোহলি এ স্বপ্ন দেখছেন সেটিও ব্যাখ্যা দিলেন, ‘অবশ্যই আমাদের প্রতিভাবান খেলোয়াড় আছে। আমাদের সে সামর্থ্যও রয়েছে। পুরো বিষয়টি নির্ভর করছে, কীভাবে প্রত্যেক খেলোয়াড়ের ভেতর থেকে তার সেরাটা বের করে আনবেন এবং সবাই মিলে একটা দল হয়ে উঠবেন তার ওপর।’
দল হিসেবে খেলতে হলে খেলোয়াড়দের একাত্মবোধ থাকাটা ভীষণ জরুরি। সে ক্ষেত্রে কোহলির লক্ষ্য, ‘শক্তিশালী বন্ধন তৈরি করতে চাই। দলে খেলোয়াড়দের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে তুলতে চাই। বছরের ২৫০-২৮০ দিন আমরা এক সঙ্গে থাকি। কাজেই এমন একটা পরিবেশ গড়ে তুলতে চাই, যাতে আগামী ১০ বছর বাইরে থেকে সবাই জানবে, এটি একটি সংঘবদ্ধ দল। পুরো দল জোরালো বন্ধনে আবদ্ধ থাকবে। খেলোয়াড়েরা একে অপরের জন্য খেলবে। নিজেদের জন্য খেলবে না। এটাই আমার লক্ষ্য।’
মহেন্দ্র সিং ধোনি ছিলেন ঠান্ডা মস্তিষ্কের অধিনায়ক। তবে তাঁর রক্ষণাত্মক অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন আছে ঢের। কোহলির দর্শন ঠিক তার বিপরীত—আক্রমণই শেষ কথা। জানালেন, কোনো ধরনের অনিশ্চয়তা কিংবা শঙ্কার দোলাচলে থাকবে না তাঁর দল। অর্থাৎ হার না হয় জিত, যেকোনো একটি ফল আসবে। এ কারণে বললেন, ‘আমরা একই ধাঁচে ক্রিকেট খেলতে চাই’।
কোহলি মানেই অবধারিতভাবে চলে আসবে প্রেমিকা আনুশকা শর্মা প্রসঙ্গও। বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের বিদায়ের পর ব্যাপক সমালোচিত হয়েছিলেন কোহলি-আনুশকা। ভারতীয় ব্যাটিং সেনসেশন এ প্রসঙ্গে বললেন, ‘কাউকে জোর করছি না আমাদের জীবন-যাপনকে সম্মান জানাতে কিংবা বলছি না এভাবে আচরণ করুন। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। বলতে চেয়েছি আমাদের কেমন লাগে, মানুষের সেটা বোঝা ভীষণ জরুরি। মানুষ যদি কুশপুত্তলিকা দাহ করার মতো আচরণ করে, তবে বোঝা উচিত আমাদেরও পরিবার আছে। আমাদের পরিবারের খুব খারাপ লাগে এসবে। অনেক মানুষ রয়েছে, যাদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। পৃথিবীতে আমরা নিঃসঙ্গ নই। মানুষ হিসেবে আমাদেরও আবেগ-অনুভূতি রয়েছে। আমার কেমন লাগে সেটিই বলতে চাচ্ছি।’