পাইবাস নিজেই অবাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এর আগেও পাইবাস কাজ করে গেছেন বাংলাদেশের ক্রিকেটে। ফাইল ছবি
এর আগেও পাইবাস কাজ করে গেছেন বাংলাদেশের ক্রিকেটে। ফাইল ছবি

চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল রিচার্ড পাইবাসের নাম। এরপর পাইবাস নিজেই ঢাকায় এসে বিসিবিকে নিজের কোচিং পরিকল্পনাও জানিয়ে যান। ওয়েস্ট ইন্ডিজ দলের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দলের সম্ভাব্য কোচদের তালিকা থেকে তাঁর নামটা কাটা পড়ে গেলেও ইদানীং আবার গুঞ্জন, এই ইংলিশ কোচই হতে পারেন বাংলাদেশের পরবর্তী কোচ। বিসিবি থেকে নাকি নতুন করে প্রস্তাবপত্রও পাঠানো হয়েছে তাঁকে। 

কিন্তু এ ব্যাপারে প্রথম আলো থেকে যোগাযোগ করা হলে একটু অবাকই হন পাইবাস। এর আগে মাস চারেক বাংলাদেশ দলের দায়িত্বে থাকা এই কোচ জানান, আবারও বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার কোনো সম্ভাবনা তাঁর নেই। ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে কাজ করাটাই এখন বেশি উপভোগ করছেন। ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, ‘আমি বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছি না। বিসিবি আমাকে কোনো প্রস্তাবপত্রও পাঠায়নি। আমি এখন ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে আছি, সেখানেই কাজ করব।’
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কথায়ও পাইবাসের সঙ্গে নতুন করে যোগাযোগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, ‘শুরুতে পাইবাস আমাদের শীর্ষ পছন্দের মধ্যে ছিলেন। তবে আমরা জানি তিনি এখন ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যুক্ত। নতুন দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় তিনি আছেন কি না, সে ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই।’
হাথুরুসিংহের উত্তরসূরি হিসেবে এখন হাথুরুর মতোই একজনকে খুঁজছে বিসিবি। অর্থাৎ ক্রিকেট উন্নত দেশের ক্লাব ক্রিকেটের কোচিংয়ে যুক্ত আছেন, এমন প্রতিশ্রুতিশীল কাউকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার ইচ্ছা। হাথুরুসিংহে যেমন বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগে ছিলেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের দল সিডনি থান্ডার ও তার আগে নিউ সাউথ ওয়েলসের কোচ। নিজাম উদ্দিন চৌধুরী কাল আবারও বলেছেন সে কথা, ‘এ মুহূর্তে ফুলটাইম কোনো হাইপ্রোফাইল কোচ পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত সে রকম কাউকে পাওয়া না গেলে আমরা হয়তো বিদেশের ক্লাব ক্রিকেট থেকেই ভালো কোনো কোচ আনব।’