পাইবাসকে তিন অধিনায়কের 'না'

বাংলাদেশ দলের নতুন কোচের চাকরিটা কি তাহলে রিচার্ড পাইবাস পাচ্ছেন না? টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক এবং কোচিং স্টাফদের কাছ থেকেও ‘না’ ভোটই পেয়েছেন ইংলিশ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান কোচ।
সূত্র জানিয়েছে, কাল দুপুরে র্যাডিসন ব্লু হোটেলে বিসিবির সভাপতি নাজমুল হাসান ও কয়েকজন পরিচালকের সঙ্গে সভায় তিন অধিনায়ক মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান এবং সহকারী কোচ রিচার্ড হ্যালসল ও স্পিন কোচ সুনীল যোশী পাইবাসকে বাংলাদেশ দলের কোচ করার বিপক্ষেই তাঁদের মতামত দিয়েছেন। সভায় উপস্থিত দু-একজন পরিচালকেরও নাকি একই মত। বাংলাদেশ দলের কোচ হিসেবে পাইবাসের নিয়োগের সম্ভাবনা তাই এখন অনেকটাই কমে গেছে। সে তুলনায় সাক্ষাৎকার দিতে কাল রাতে ঢাকায় আসা ক্যারিবীয় কোচ ফিল সিমন্সের সম্ভাবনাই নাকি বেশি।
বিসিবিকে বিদায় জানাতে এসে চন্ডিকা হাথুরুসিংহেও কাল উঠেছেন র্যাডিসন হোটেলে। বিমানবন্দর থেকে তাঁর হোটেলে আসার কিছুক্ষণ আগে সেখানেই বসেছে খেলোয়াড়-কোচ-কর্মকর্তাদের ওই সভা। এই সভার সঙ্গে হাথুরুসিংহের আসার কোনো সংযোগ আছে কি না, সে কৌতূহল জাগাই স্বাভাবিক।
তবে শেষ পর্যন্ত সে রকম কিছু দেখা যায়নি। মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত হাথুরুসিংহে তাঁর রুমেই ছিলেন। তিনি নিচে নামার আগেই বোর্ড কর্মকর্তাদের সঙ্গে সভা করে হোটেল ছেড়ে যান তিন অধিনায়ক।
বিসিবির সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, মূলত শ্রীলঙ্কা সিরিজের পরিকল্পনা নিয়েই তাঁরা আলোচনা করেছেন। যেমন সিরিজের আগে নতুন কোচ নিয়োগ না হলে অন্তর্বর্তীকালীন সময়ে কীভাবে কাজ চলবে, বর্তমান পরিস্থিতিতে দল আত্মবিশ্বাসী কি না, ক্যাম্প কবে থেকে শুরু করা যায় ইত্যাদি।
কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে আজকের বোর্ড সভাতেই। তবে এ নিয়ে কোনো তাড়াহুড়ো করবেন না বলে জানিয়েছেন বিসিবির সভাপতি। শ্রীলঙ্কা সিরিজের আগে নতুন কোচ ঠিক না হলে অন্তর্বর্তী কোচ হিসেবে আবারও তিনি খালেদ মাহমুদের নামই বলেছেন। এ বিষয়ে অধিনায়কদের মতামত চাওয়া হয়নি, তাঁরা নিজ থেকেও কিছু বলেননি। তবে মাহমুদকে কোচ করা নিয়ে সংবাদমাধ্যমের সমালোচনার প্রসঙ্গ টেনেছেন নাজমুল হাসান নিজেই।
বাংলাদেশ দলের সম্ভাব্য ব্যাটিং কোচ নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে সভায়। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গ্রান্ট ফ্লাওয়ারকে ব্যাটিং কোচ হিসেবে আনার চেষ্টা ছিল বিসিবির। হাথুরুসিংহে থাকা অবস্থায়ই সেটি বন্ধ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা সফরের সময় হাথুরুসিংহের উদ্যোগে নতুন করে চেষ্টা শুরু হয় দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান ও বর্তমান ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিকে আনার। সে আলোচনা এখনো চলছে। তবে এ নিয়েও নাকি বোর্ডের সঙ্গে তিন অধিনায়ক এবং দুই কোচের দ্বিমত আছে।