পাওনা টাকার জন্য বিসিবির দুয়ারে...
ঢাকা প্রিমিয়ার লিগ শেষ, খেলোয়াড়দের এখন বাড়ি ফেরার তাড়া। ভিক্টোরিয়ার খেলোয়াড়েরা দুপুর ১২টার দিকে এলেন বিসিবির একাডেমি ভবনে। ক্লাব কর্তৃপক্ষ এখনো তাঁদের পাওনা টাকা বুঝিয়ে দেয়নি। নাদিফ চৌধুরী, কামরুল ইসলামরা তাই সেখান থেকে গেলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করতে।
যদিও প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের পাওনা টাকা দিতে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল বিসিবি। সময় পেরোলেও কাজ হয়নি। বাধ্য হয়েই ভিক্টোরিয়ার খেলোয়াড়েরা বিসিবির শরণাপন্ন। দলটির অধিনায়ক নাদিফ চৌধুরী বললেন, ‘আমাদের কেউ ১০, ২০ কিংবা ৩০ শতাংশ টাকা পেয়েছে। সর্বোচ্চ ৪০ শতাংশ পেয়েছে দু-একজন। আশা করব, বোর্ড বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।’
বিসিবি পরিষ্কার করে বলতে পারেনি কবে টাকা পাবেন খেলোয়াড়েরা। নিজাম উদ্দিন শুধু এতটুকুই বললেন, ‘আমরা এটা নিয়ে এখনো কাজ করছি। শনিবারের মধ্যে একটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে আশা করি।’ ভিক্টোরিয়ার ক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ জানালেন এ বিষয়ে তাঁরাও কোনো সিদ্ধান্ত নেননি, ‘ওরা বোর্ড গেছে শুনেছি। বোর্ড আমাদের কিছু জানায়নি। আমরা ব্যর্থ হলে বোর্ড যে শাস্তি দেবে, সমস্যা নেই।’
ঢাকা প্রিমিয়ার লিগে ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতিতে দলবদল-প্রক্রিয়ার নিয়মে বলা হয়েছিল, লিগ শুরুর আগেই ৩০ শতাংশ, প্রথম পর্ব শেষে ৩০ শতাংশ ও শেষের ছয় সপ্তাহের মধ্যে শেষ কিস্তিতে ৪০ শতাংশ অর্থ পরিশোধ করে দিতে হবে। আবাহনী, মোহামেডান, কলাবাগান ক্রীড়াচক্র, প্রাইম ব্যাংক, গাজী গ্রুপ ও লিজেন্ডস অব রূপগঞ্জ ৬০-৭০ শতাংশ টাকা দিয়েছে। প্রাইম দোলেশ্বর কাল পর্যন্ত ৩০ শতাংশ টাকা দিলেও ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ নেই খেলোয়াড়দের। আগামী পরশু তাঁদের আরও ৩০ শতাংশ টাকা দিয়ে দেওয়ার কথা।
কিন্তু নিয়ম মানেনি ভিক্টোরিয়া, ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস), কলাবাগান ক্রিকেট একাডেমি, ব্রাদার্স। এ তালিকায় রয়েছে শেখ জামাল ধানমন্ডির মতো ক্লাবও। লিগের শুরু থেকেই টাকাপয়সা নিয়ে খেলোয়াড়দের সঙ্গে নানা জটিলতা দেখা গেছে সিসিএসের। প্রথম পর্বে নিজেদের তৃতীয় ম্যাচটির আগে ১২ খেলোয়াড়কে ১২ লাখ ও একাদশের বাইরের কয়েকজনকে ৫০ হাজার টাকা দিয়েছিল ক্লাবটি। দলের অধিনায়ক রাজিন সালেহ জানালেন, তাঁদের মাত্র ৮ শতাংশ টাকা দেওয়া হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ নাকি তাঁদের স্পষ্ট জানিয়ে দিয়েছে, দিলেও সর্বোচ্চ ৭০ শতাংশ টাকা দিতে পারবে তারা।
কলাবাগান একাডেমি এখন পর্যন্ত খেলোয়াড়দের ৩০ শতাংশ টাকা দিয়েছে। খেলোয়াড়দের পক্ষ থেকে পরশু মেহেদী হাসান মিরাজ লিখিত অভিযোগ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহীকে। ব্রাদার্সের খেলোয়াড়েরাও পেয়েছেন ৩০ শতাংশ টাকা। দলের ম্যানেজার ও সিসিডিএমের সমন্বয়কারী আমিন খান বল ঠেলে দিয়েছেন পৃষ্ঠপোষকের কোর্টে, ‘আমাদের স্পনসর এ মুহূর্তে দেশের বাইরে। দেশে ফিরলেই সমাধান হয়ে যাবে।’