পাওয়া গেল গতিময়দের

বিসিবি একাডেমি মাঠে রোদ গা পুড়িয়ে দিচ্ছে। মাঠে আসা তরুণ পেসারদেরও দেখাচ্ছিল তেজোদীপ্ত। অদৃশ্য ব্যাটসম্যানকে তাঁরা বোলিং করছেন তেড়েফুঁড়ে। সূক্ষ্ম পর্যবেক্ষণে বোলারদের নম্বর দিচ্ছেন প্রধান নির্বাচক বাংলাদেশ দলের সাবেক কোচ সরওয়ার ইমরান।
চার মাস ধরে চলা ‘রবি ফাস্ট বোলার হান্ট’ কর্মসূচির চূড়ান্ত পর্ব হয়ে গেল কাল। এই কর্মসূচিতে অংশ নিয়েছিল ১৪ হাজার ৬১১ প্রতিযোগী। নানা ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে নির্বাচিত হয় ১০ ছেলে, ১ মেয়ে ও ২ জন শারীরিক অসমর্থ ফাস্ট বোলার। সবাইকে পুরস্কৃত করা হয়েছে অর্থ, ট্রফি ও ক্রেস্ট দিয়ে। নির্বাচিত এই পেসাররা এখন অনুশীলন করবেন বিসিবির হাইপারফরম্যান্স কর্মসূচির (এইচপি) অধীনে।
সর্বোচ্চ গতির বলের জন্য ‘গতিতারকা’ পুরস্কার পেয়েছেন মৌলভীবাজারের ইবাদত হোসেন চৌধুরী। ইবাদতের সর্বোচ্চ ১৩৯ কিলোমিটার গতিতে বল করেছেন। কাল চূড়ান্ত পর্বে অবশ্য তাঁর গতি কিছুটা কম ছিল, ১৩৫ কিলোমিটার। ধারাবাহিক লাইন-লেংথ ঠিক রাখার জন্য ‘সবচেয়ে ধারাবাহিক বোলারের’ পুরস্কার পেয়েছেন কক্সবাজারের মুজিবর রহমান। ‘সেরা বৈচিত্র্যপূর্ণ বোলারের’ পুরস্কার জিতেছেন সিলেটের সুলতান হোসেন।
আগামীর ‘রুবেল’দের বোলিং দেখতে মাঠে ছিলেন খোদ রুবেল হোসেন। চোট থেকে সেরে ওঠার অপেক্ষায় থাকা বাংলাদেশ দলের এই পেসারের আশা, যথাযথ সুযোগ-সুবিধা পেলে আরও দুর্দান্ত হয়ে উঠবেন তরুণ এই পেসাররা, ‘তাদের সঙ্গে ভালো ট্রেনার, ফিজিও, কোচ নেই। তাতেই যদি ১৩৯ কিলোমিটার গতিতে বোলিং করতে পারে, কাজ করলে হয়তো আরও গতি বাড়বে।’
পেসার অন্বেষণ কার্যক্রম শুরু হয় ২০০৫ সালে। ২০০৭ সালে হওয়া দ্বিতীয় উদ্যোগেও দারুণ ফল মিলেছিল। রুবেল হোসেন, রবিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বী, শুভাশিস রায়দের মতো পেসারদের পাওয়া গেছে সেবার। প্রত্যন্ত অঞ্চল থেকে পেসার তুলে আনার আগের দুই কর্মসূচির সঙ্গেই ছিলেন পেস বোলিং কোচ ইমরান। ছিলেন এবারও। ইমরানের আশা, এবারও কয়েকজনকে পাওয়া যাবে, ‘আমরা ১৬টি ভেন্যুতে গিয়েছি। কোনো অবৈধ বোলিং অ্যাকশনের বোলারকে সুযোগ দিইনি। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সেরাদের নির্বাচন করা হয়েছে। এবারের তালিকা থেকে ভবিষ্যতে ২-৩ জন ভালো পেসার পাওয়া যাবে।’
পেসারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সহসভাপতি ও হাইপারফরম্যান্স ইউনিট-প্রধান মাহবুবুল আনাম, বিসিবির অন্যতম পরিচালক জালাল ইউনুস, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও রবির প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ।