
ব্রুস মিচেলের নাম শুনেছেন?
টেস্টে প্রায় সাড়ে তিন হাজার রান করলেও তাঁকে ঠিক কিংবদন্তি বলা যায় না। তবে একটা কীর্তি অনন্য করে রেখেছে মিচেলকে। আজকের আগ পর্যন্ত শততম টেস্ট ৯৯ জন ক্রিকেটারের খেলার সৌভাগ্য হলেও ঠিক ৯৯ রানে আউট হয়েছিলেন শুধু এই দক্ষিণ আফ্রিকান!
গ্রায়েম ক্রেমার সে তুলনায় ভাগ্যবান। গত অক্টোবরে হারারে টেস্টে নেমেছিলেন টেস্টে কখনো পঞ্চাশের দেখাও না পেয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষে দেখা গেল, আটে নামা অধিনায়ক অপরাজিত ১০২ রানে। দ্বিতীয় ইনিংসে ক্ষণিকের এক ভুলে দলের হার এড়াতে পারেননি, তবু দ্বিতীয় অধিনায়ক হিসেবে শততম টেস্টে সেঞ্চুরিয়ান হওয়ার রেকর্ডটা হয়ে গেছে লেগ স্পিনার ক্রেমারের।
তাঁর আগে এ কীর্তি করা বেভান কংডন অবশ্য সফল। ১৯৭২ সালে ব্রিজটাউন টেস্টটা অধিনায়ক কংডনের সেঞ্চুরিতে ড্র করেছিল নিউজিল্যান্ড।
শততম টেস্ট অমীমাংসিতভাবে শুধু ওই একবারই শেষ হয়েছিল। শততম টেস্টে হেরেছেই বেশির ভাগ (৫) দল। সর্বশেষ জয়টা পাকিস্তানের। মেলবোর্নে বোলারদের দুর্দান্ত বোলিং ও মাজিদ খানের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৭১ রানে হারায় পাকিস্তান। শততম টেস্টে জয় দেখা অন্য দুই ম্যাচেও ছিল অস্ট্রেলিয়া! ১৯৬৫ সালে কিংস্টনে গ্যারি সোবার্সের ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৭৯ রানে হেরেছে বব সিম্পসনের অস্ট্রেলিয়া। শততম টেস্টে প্রথম জয়টা পেয়েছে আবার অস্ট্রেলিয়া। ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ব্যবধানে হারানোর ভিত্তিটা এনে দিয়েছিলেন দুই সেঞ্চুরিয়ান চার্লস কেলেওয়ে ও ওয়ারেন বার্ডসলি। এরপর এক শ বছর পেরিয়ে গেলেও শততম টেস্টে সেঞ্চুরিয়ানের সংখ্যাটা মাত্র পাঁচ এগিয়েছে!
শ্রীলঙ্কার কথাই ধরুন, ২০০০ সালে কলম্বো টেস্টের দলে সনাৎ জয়াসুরিয়া, মারভান আতাপাত্তু, অরবিন্দ ডি সিলভা, অর্জুনা রানাতুঙ্গা কত রথী-মহারথীই তো ছিলেন দলে। কিন্তু ম্যাচটা রাঙালেন প্রতিপক্ষের ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। নিজেদের ৪০০ ও ৩০০তম উইকেট ওই টেস্টেই তুলে নিয়েছেন দুই ‘ডব্লু’।
তবে শততম টেস্টে একটা কীর্তি কিন্তু কেউ করে দেখাতে পারেননি, অধিনায়ক হয়ে পাঁচ উইকেট পাওয়া। বাংলাদেশের শততম টেস্টেও তা হচ্ছে না। মুশফিকুর রহিম কিপিং গ্লাভস খুলে ফেলেছেন, কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ ওভার বোলিং করলেও আন্তর্জাতিক ক্রিকেটে তো কখনো হাতই ঘোরাননি।