পাক পেসে নড়বড়ে জয়াবর্ধনের মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষের কাছ থেকে পাওয়া এমন সম্মানই বুঝিয়ে দেয় তাঁর মাহাত্ম্য। ব্যাটিংয়ে নামার সময় মাহেলা জয়াবর্ধনেকে গার্ড অব অনার দিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। কাল কলম্বোর এসএসসিতে ষ এএফপি
প্রতিপক্ষের কাছ থেকে পাওয়া এমন সম্মানই বুঝিয়ে দেয় তাঁর মাহাত্ম্য। ব্যাটিংয়ে নামার সময় মাহেলা জয়াবর্ধনেকে গার্ড অব অনার দিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। কাল কলম্বোর এসএসসিতে ষ এএফপি

পাশে সমুদ্র নেই, কোল ঘেঁষে নেই গল ফোর্ট। নইলে সাজসজ্জায় এসএসসিকে গল স্টেডিয়াম বলেই চালিয়ে দেওয়া যেত। মাঠের চারপাশে বিশাল সব বিলবোর্ড, কাটআউট। তাতে নানা ভঙ্গিমায় মাহেলা জয়াবর্ধনে। জ্বলজ্বল করছে তাঁর অনেক কীর্তি। সবকিছু এগোচ্ছিলও লঙ্কানদের কাঙ্ক্ষিত চিত্রনাট্য মেনে। ঝকঝকে আকাশ, বরাবরের মতোই ব্যাটিং উইকেট। টস জিতে ব্যাটিংও নিল শ্রীলঙ্কা। জয়াবর্ধনে ব্যাটিংয়ে নামার সময় গলের মতোই পুড়ল আতশবাজি, পেলেন গার্ড অব অনার। পার্থক্য বলতে গলে গার্ড অব অনার দিয়েছিল স্কুলের বাচ্চারা, কাল দিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু ২২ গজে গলকে ফেরাতে পারলেন না জয়াবর্ধনে।
কে জানে, বিদায়ী আয়োজনের আবেগ তাঁকে ছুঁয়ে গিয়েছিল কি না! উইকেটে গিয়েই জীবন পেলেন একবার। চা-বিরতির সময়টুকুও বুঝি স্নায়ুকে থিতু করতে পারল না। বিরতির পরপরই সাঈদ আজমলের টার্নিং বলে এলবিডব্লু। হনহন হেঁটে যখন ফিরছেন ড্রেসিং রুমে, দাঁড়িয়ে তখন এসএসসির গ্যালারি। স্ত্রী ক্রিস্টিনার চোখে কেমন শূন্য দৃষ্টি!
১৯৪৮ সালের ১৪ আগস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসটি খেলেছিলেন সর্বকালের সেরা ব্যাটসম্যান। ব্যাটিং গড় ১০০ করতে মাত্র ৪ রান করলেই চলত ডন ব্র্যাডম্যানের। ওভালে সেদিন দ্বিতীয় বলেই এরিক হলিসের বলে বোল্ড হয়ে ফিরেছিলেন শূন্য রানে। কী অদ্ভুত, ৬৬ বছর পর ঠিক সেই দিনটিতেই এক আধুনিক গ্রেট শেষ টেস্টে করলেন ৪ রান! বিদায়বেলায় সেদিন ব্র্যাডম্যান অশ্রুসিক্ত হয়ে ওঠাতেই অমনভাবে আউট হয়েছিলেন কি না, এ নিয়ে মহাকাব্য লেখা হয়েছে। খুব অস্বাভাবিক কিছু না ঘটলে জয়াবর্ধনে আরেকটি ইনিংস পাচ্ছেন। নইলে তাঁর ৪ রানের এই নড়বড়ে ইনিংসটি নিয়েও হয়তো লেখা হতো অনেক আবেগী কাব্য!
জয়াবর্ধনের বিদায় দিয়ে শ্রীলঙ্কার পথ হারানোও শুরু। এর আগে কৌশল সিলভাকে নিয়ে দলকে ভালো শুরু এনে দিয়েছেন উপুল থারাঙ্গা। ৭৯ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেট জুটিতে সাঙ্গাকারার সঙ্গে ৬৫। থিতু হওয়ার পর বিরল ব্যর্থতায় ওয়াহাব রিয়াজের ইনসুইঙ্গারে বোল্ড হয়েছেন সাঙ্গাকারা। জয়াবর্ধনের বিদায়ের পর ফিরে যান সেঞ্চুরির সুবাস পাওয়া থারাঙ্গাও।
ব্যাটিং উইকেটেও জুনাইদ-ওয়াহাবের দুর্দান্ত বোলিংয়ে শেষ সেশনে উইকেট পড়েছে ৬টি। জয়াবর্ধনের বিদায়কে রাঙানোর ভার আপাতত হেরাথ-প্রসাদদের। প্রথমে লোয়ার অর্ডারে কিছু রান করে, এরপর বল হাতে! টেন ক্রিকেট।