পাকিস্তান অলরাউন্ডারের 'ভূতের ভয়'!

মাঠে নিশ্চয় প্রতিপক্ষকে এতটা ভয় পান না, যতটা ‘ভূত’কে ভয় পেয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার হারিস সোহেল! ঘটনা ক্রাইস্টচার্চে পাকিস্তান টিম হোটেল রিজেস লাটিমারে। রাতে নিজের কক্ষে নাকি ‘অলৌকিক কিছু’র উপস্থিতি টের পেয়েছেন সোহেল! ভয়ে তো পাকিস্তান অলরাউন্ডারের কম্ম সারা! অগত্যা তাঁর কক্ষ পরিবর্তন করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
দলের ম্যানেজার নাভেদ আকরাম চিমা জানিয়েছেন, ভীষণ ভয় পেয়ে রাতে দলের একজন কোচিং স্টাফকে ফোন দিয়েছিলেন সোহেল। ওই স্টাফকে তিনি বলেছেন, কে যেন তাঁর বিছানা ধরে নাড়াচ্ছিল! সোহেলকে বিধ্বস্ত ও জ্বরাক্রান্ত অবস্থায় দেখতে পান কোচিং স্টাফ। চিমা বললেন, ‘সে ঠিক আছে। ক্রিকেটে মনোযোগ দিচ্ছে। সেটাই তার করা উচিত। জ্বরটা এখনো আছে। মনে হয় দুঃস্বপ্নের কারণেই সোহেলের জ্বর চলে এসেছে। তবে সে এখনো মনে করছে, কেউ একজন তার বিছানা নাড়িয়েছে। এটি অলৌকিক কিছু ছিল।’
তবে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে কোনো ‘ভূতের অস্তিত্ব’ নেই! বিষয়টি বিশ্বাস করতে খুব কষ্টই হচ্ছে তাদের। ঘটনার পর সোহেল অনুশীলনে আসেননি। এমনকি নিউজিল্যান্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা নেই। ভূত-আতঙ্কে থাকা সোহেল পরে টুইট করেছেন, ‘আল্লাহ সব সময়ই আপনার দোয়া কবুল করবেন।’
অবশ্য হোটেলে ক্রিকেটারদের ভূতের ভয় পাওয়ার ঘটনা নতুন নয়। গত বছর লন্ডনের লাংহাম হোটেলে ভূতের ভয় পেয়েছিলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ব্রড পরে ডেইলি মেইলকে বলেছিলেন, ‘রাতে হঠাৎ বাথরুমে পানির কল চালু হয়ে গেল। ঘরের বাতি জ্বালাতেই স্বয়ংক্রিয়ভাবে কল বন্ধ হয়ে গেল! যখন বাতি নিভিয়ে দেওয়া হলো, আবারও সেটি চালু হয়ে গেল। ২০০৫ সালে ইংল্যান্ডের লামলি ক্যাসল হোটেলে ভূতের ভয়ে কক্ষ পরিবর্তন করেছিলেন অস্ট্রেলিয়া অলরাউন্ডার শেন ওয়াটসন। তথ্যসূত্র: ডন, বিবিসি।