পাকিস্তান আমন্ত্রণ জানাচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে আসছে ওয়েস্ট ইন্ডিজ? ফাইল ছবি।
পাকিস্তানে আসছে ওয়েস্ট ইন্ডিজ? ফাইল ছবি।

অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তান থেকে একপ্রকার নির্বাসিত । যেকোনো মূল্যে দেশে আবার আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)‍। নানা সময়ে নানা দলকে তারা আমন্ত্রণও জানিয়েছে। কিন্তু ক্রিকেটারদের জীবনের ঝুঁকি নিয়ে বড় দলগুলো সেখানে কিছুতেই যেতে রাজি হয় না। এবার তারা একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছে।

ক্যারিবীয় বোর্ড আগামী মার্চে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে । পাকিস্তান সেই সিরিজে শর্তসাপেক্ষে খেলতে রাজি হয়েছে। উইন্ডিজ বোর্ডকে তারা জানিয়ে দিয়েছে ফ্লোরিডায় পাকিস্তান খেলবে, যদি তারা পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি খেলতে আসে। ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আসতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলেই জানিয়েছেন পিসিবির কর্মকর্তা নাজাম শেঠি, ‘আমরা ক্যারিবীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের বলেছি ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর যেকোনো সময় এই টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হতে পারে।’
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা পাকিস্তান সফরে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন—এ কথা স্বীকার করেছেন শেঠি নিজেও। তবে সফরকারী দলকে পাকিস্তানে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি, ‘আমরা পিএসএলের ফাইনাল লাহোরে করতে চাই। এমন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের এখানে না আসার কোনো কারণই নেই। যদি পিএসএলের ফাইনাল লাহোরে করা যায়, ওয়েস্ট ইন্ডিজ দলকে যদি পাকিস্তানে আনা যায়, তাহলে এখানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের দরজা উন্মোচিত হবে। ’
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে দেশটিতে আর কোনো বড় দল সফর করতে যায়নি। এরপর সেখানে শুধু বাংলাদেশ নারী ক্রিকেট দল আর জিম্বাবুয়েই খেলতে গিয়েছিল। টেস্ট খেলা দেশগুলোর বাইরে কেনিয়া ও আফগানিস্তান পাকিস্তান সফর করলেও সেটি অন্য দেশগুলোকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করতে পারেনি। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে না পারায় বড় ধরনের আর্থিক সংকটের মুখেও পড়েছে পিসিবি। সূত্র: দ্য ডন।