পাকিস্তান এক ম্যাচও জিতবে না: আকিব

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পরই শুরু হবে সে সিরিজ। সিরিজ নিয়ে পাকিস্তানি সমর্থকদের উৎসাহে অবশ্য আগেই পানি ঢেলে দিলেন সাবেক পেসার আকিব জাভেদ। সাবেক বোলিং কোচের দাবি, অস্ট্রেলিয়ায় একটি টি-টোয়েন্টিও জিতবে না পাকিস্তান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে যাচ্ছে পাকিস্তান। কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক টি-টোয়েন্টি সিরিজের জন্য বেশ কিছু চমক জাগান সিদ্ধান্ত নিয়েছেন। তিনজন তরুণ পেসারকে দলে ডেকেছেন। মোহাম্মদ ইরফানকেও ফেরানো হয়েছে। সরফরাজ আহমেদ নেতৃত্ব কেড়ে নিয়ে দল থেকেই বাদ দেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের পর আকিব জাভেদ সিরিজের ব্যাপারে ভবিষ্যদ্বাণী এখনই করে ফেলেছেন। আর সেটা হলো সব ম্যাচই হারবে পাকিস্তান।
জিও টিভিতে জাভেদ বলেছেন, ‘এ দলের অস্ট্রেলিয়ায় জেতার কোনো সম্ভাবনা নেই। এ দলের চেয়ে অনেক ভালো পাকিস্তান দল বিশ্বমানের সব খেলোয়াড় নিয়েও অস্ট্রেলিয়ায় কষ্ট করেছে। তাই এ সফরে টি-টোয়েন্টি ও টেস্টে ভালো করার আশা কেন করছি?’ জাভেদের ধারণা পাকিস্তানকে টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে সেরা বানিয়েছিল শাদাব খান, হাসান আলী, শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজরা। কিন্তু শাদাব ফর্মে নেই এবং বর্তমান দলে অন্যদের কাউকেই রাখা হয়নি।
এ কারণেই আগে হার মেনে নিয়েছেন জাভেদ, ‘আমার মনে হয় না এ দল অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি জিততে পারবে। টেস্ট সিরিজেও কোনো ম্যাচ জিততে বলে মনে হয় না। আমাদের তরুণ বোলাররা ঘরের মাঠে জেতার জন্য লেংথে বল করতে জানে। কিন্তু অস্ট্রেলিয়ায় কীভাবে বল করতে হবে, সে ব্যাপারে কোনো ধারণা নেই। এটা আমাদের জন্য মহা বিপর্যয়কর হতে পারে।’
মোহাম্মদ মুসা ও নাসীম শাহকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে না খেলিয়ে শুরুতেই অস্ট্রেলিয়ার মতো কঠিন সিরিজে কেন নেওয়া হচ্ছে, সেটাও বুঝে উঠতে পারছেন না জাভেদ।