পাকিস্তান কেন প্রতিশোধ নিতে চায়

ভারতকে হারানোর পর পাকিস্তানি খেলোয়াড়দের সেলফিছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম কাজটি সেরে ফেলেছে পাকিস্তান। কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টে এই প্রথম চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েছে দলটি। সেই জয়ের ভাবালুতা কাটতে না কাটতেই আজ আবার মাঠে নেমে পড়তে হচ্ছে পাকিস্তানিদের। শারজায় আজ ২ নম্বর গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাবর আজমের দল। সেই নিউজিল্যান্ড, যারা কিনা গত মাসে শেষ মুহূর্তে বাতিল করেছে পাকিস্তান সফর।

নিরাপত্তাকে কারণ দেখিয়ে নিউজিল্যান্ড সফর বাতিল করার পর সেই দলে যোগ দিয়ে পাকিস্তানে যায়নি ইংল্যান্ডও। পাকিস্তানের মাটিতে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সিদ্ধান্তে হকচকিত হয়ে যায়। প্রচণ্ড খেপে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান রমিজ রাজা তো প্রতিশোধের ঘোষণাই দিয়ে বসেন।

তিনটি দলকে হারানোর ঘোষণা দিয়ে বসেন রাজা, ‘একটা লক্ষ্য তো আমাদের ছিলই—প্রতিবেশীরা (ভারত)। এবার যোগ হলো আরও দুটি দল—নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আমাদের এমনভাবে প্রস্তুত হতে হবে যেন এদের কাছে না হারি। কারণ, এরা আমাদের সঙ্গে ঠিক আচরণ করেনি, আমরা মাঠেই প্রতিশোধ নেব।’

আমি নিশ্চিত ক্রিকেটীয় চেতনা মেনেই অনুষ্ঠিত হবে এই ম্যাচ। যদিও পাকিস্তানের পক্ষেই দর্শক সমর্থন বেশি থাকবে।
কেইন উইলিয়ামসন, নিউজিল্যান্ড অধিনায়ক

প্রতিশোধটা যে মাঠে ভালো খেলে জয় পাওয়া, সেটি না বললেও চলে। তবু একটু ভয় তো থাকেই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার। নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন অবশ্য আশা করছেন মাঠে ‘ক্রিকেটীয় চেতনা’ ভূলুণ্ঠিত হওয়ার মতো কোনো কিছু ঘটবে না। কাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উইলিয়ামসনকে প্রথম প্রশ্নটাই করা হয় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল নিয়ে।

পাকিস্তান সফরে নিউজিল্যান্ড দলে না থাকা উইলিয়ামসন সহমর্মীই হলেন পাকিস্তানের, ‘সত্যিই খুব হতাশাজনক ব্যাপার ছিল ওটা। আমি জানি ওখানে (পাকিস্তানে) থাকা খেলোয়াড়েরা পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে মুখিয়ে ছিল। এটা সত্যিই দুঃখজনক যে সিরিজটা শেষ পর্যন্ত হলো না।’

উইলিয়ামসন মানতে নারাজ ওই ঘটনায় দুই দেশের ক্রিকেট সম্পর্কে বড় চিড় ধরাবে, ‘দুদলের মধ্যে সম্পর্ক খুব ভালো। বছর বছর ধরে আমরা একে অপরের বিপক্ষে খেলেছি, অনেকে তো একসঙ্গেই খেলেছেন এক দলে। আমি নিশ্চিত ক্রিকেটীয় চেতনা মেনেই অনুষ্ঠিত হবে এই ম্যাচ। যদিও পাকিস্তানের পক্ষেই দর্শক সমর্থন বেশি থাকবে। কারণ, খেলাটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।’

ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় নিয়েও কথা বলেছেন উইলিয়ামসন। পাকিস্তানিদের প্রশংসায় ভাসিয়েছেন কিউই অধিনায়ক। সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হয়ে আসেন বোলিং কোচ ভারনন ফিল্যান্ডার। সাবেক প্রোটিয়া পেসার বলেন, ভারতের বিপক্ষে জয় পেলেও মাটিতেই পা আছে তাঁর দলের খেলোয়াড়দের, ‘আমরা এখন শুধু আগামীকালের নিউজিল্যান্ড ম্যাচ নিয়েই ভাবছি।’