'পাকিস্তান ক্রিকেট দলের দ্রুত ইংল্যান্ডে চলে যাওয়াই মঙ্গল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডকেই পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বেশি নিরাপদ মনে করছেন মাইকেল হোল্ডিং। ছবি: এএফপি
ইংল্যান্ডকেই পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বেশি নিরাপদ মনে করছেন মাইকেল হোল্ডিং। ছবি: এএফপি

২৯ জনের স্কোয়াড, এর মধ্যে ১০ জনই করোনা পজিটিভ। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে বড় বিপদেই আছে পাকিস্তান ক্রিকেট দল। বিপদটা অবশ্য গোটা পাকিস্তানেরই। করোনাভাইরাসের ভয়াল থাবায় এ মুহূর্তে উপমহাদেশের অন্য দেশগুলোর মতোই বিপর্যস্ত পাকিস্তান। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড সফর নিয়ে শঙ্কা দেখা দেওয়াটাই স্বাভাবিক। তবে এখনো পর্যন্ত সফরটা হচ্ছে বলেই অভয় দিয়েছে পাকিস্তান–ইংল্যান্ড, দুই দেশের ক্রিকেট বোর্ডই।

এর মধ্যেও কাহিনি বাঁক বদল করেছে। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরীক্ষায় করোনা–পজিটিভ মোহাম্মদ হাফিজ অন্য একটি পরীক্ষায় তাঁর করোনা–নেগেটিভ আসার কথা জানিয়েছেন। হাফিজের ব্যাপারটি নিয়ে রীতিমতো চলছে তোলপাড়। বিভ্রান্তিকর এ পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট দলকে দ্রুতই ইংল্যান্ডে পাড়ি জমানোর পরামর্শ দিয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং।

হোল্ডিংয়ের মতে, 'পাকিস্তান ক্রিকেট দল এখন যতো দ্রুত ইংল্যান্ডে পাড়ি দেবে ততই মঙ্গল।' পাকিস্তানের সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা মাথায় নিয়েই তিনি এ কথা বলেছেন।

পাকিস্তানি ক্রিকেটাররা নিজের দেশের চেয়ে কেন ইংল্যান্ডে বেশি নিরাপদ, সেটারও ব্যাখ্যা দিয়েছেন হোল্ডিং, 'আমার মনে হয় পাকিস্তানে করোনা নিয়ে যা হচ্ছে, তাতে ইংল্যান্ডই অনেকটাই নিরাপদ।' নিজের ইউটিউব শো 'মাইকি–হোল্ডিং নাথিং ব্যাক'–এ এমন মন্তব্য করেছেন এই ক্যারিবীয় গ্রেট।

করোনার থাবা আছে ইংল্যান্ডেও। সেখানে এখনো পর্যন্ত ৩ লাখ ৬ হাজার ৮৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু বরণ করেছেন ৪৩ হাজার ৮১ জন। মৃত্যুর হারের দিক দিয়ে ইংল্যান্ড অন্যতম শীর্ষ করোনা আক্রান্ত দেশ। অন্য দিকে পাকিস্তানে এখনো পর্যন্ত ১ লাখ, ৮৮ হাজার ৯২৬ জন আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৭৫৫ জন। আক্রান্ত ও মৃত্যুর দিকে দিয়ে পাকিস্তানকে ইংল্যান্ডের চেয়ে ভালো মনে হলেও উপমহাদেশের অন্যান্য দেশগুলোর মতো পাকিস্তানে করোনা–পরীক্ষা ও সঠিক শনাক্তের পরিমাণ নিয়ে সন্দেহ আছেই।

  এমন পরিস্থিতিতে ইংল্যান্ডকেই পাকিস্তানের চেয়ে নিরাপদ মনে করেন হোল্ডিং, 'আমার মনে হয় পাকিস্তানের অবস্থা ইংল্যান্ডের চেয়েও বাজে। পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডে এলে জৈব–সুরক্ষিত পরিবেশে ঢুকে যাবে, সেটা তাদের জন্য অনেকটাই নিরাপদ হবে।'

  আগামী ২৮ জুন ৩ টেস্ট ও সমপরিমাণ টি–টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডে যাবে। যদিও সিরিজটা শুরু হবে আগস্টে। তবে ইংল্যান্ডে গিয়ে বেশ কিছু ধাপে স্বাস্থ্য বিধি মানতে হবে পাকিস্তান দলকে। সেখানে দুই দফায় করোনা নেগেটিভ আসা খেলোয়াড়েরাই যেতে পারবেন। ইংল্যান্ডে পৌঁছে নতুন করে করোনা পরীক্ষা করাতে হবে তাদের। এরপর থাকতে হবে ১৪ দিনের বাধ্যতামূলহক কোয়ারেন্টিনে।