পাকিস্তান ক্রিকেটে গাধা-বিতর্ক!

>পাকিস্তান ক্রিকেটে গাধা-বিতর্ক চলছে কোচ মিকি আর্থার আর ক্রিকেট কমিটির প্রধান সাবেক ব্যাটসম্যান মহসিন খানের মধ্যে।
পাকিস্তানের ক্রিকেট বলে কথা। বিতর্ক ছাড়া চলে নাকি! সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজটি জিতেছে পাকিস্তান। নিউজিল্যান্ডকে হারিয়ে গড়েছে টানা ১১টি টি-টোয়েন্টি সিরিজ জেতার নতুন রেকর্ড। এখন তো একটা উৎসব উৎসব ভাব থাকার কথা দলের মধ্যে। কোচ মিকি আর্থার ভাসার কথা প্রশংসার বন্যায়। তা না, উল্টো চলছে ঝগড়াঝাঁটি! তাও আবার মিকি আর্থার ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মহসিন খানের মধ্যে।
ঝামেলার শুরুটা করেছেন পাকিস্তানের সাবেক টেস্ট ওপেনার মহসিন খানই। এক টেলিভিশন অনুষ্ঠানে গিয়ে মিকি আর্থারকে ‘নির্বোধ ও গাধা’ বলে সম্বোধন করেছেন। আর্থারের নির্বুদ্ধিতা আর গাধামি কী? ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে বারবার সুযোগ দিয়ে যাওয়া! মহসিন খানের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেট কমিটিতে আছেন সাবেক টেস্ট অধিনায়ক ওয়াসিম আকরাম ও মিসবাহ-উল হক এবং পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক উরজ মুমতাজ। সম্প্রতি এই কমিটি গঠিত হয়েছে জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন বিষয় দেখভালের জন্য। পিসিবি সভাপতির কাছে এই কমিটি দায়বদ্ধ এবং কমিটি জাতীয় ক্রিকেট দল নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে বোর্ড সভাপতির কাছে মূল্যায়ন দিতে পারবে।
সম্প্রতি দল নির্বাচন ইস্যুতে আর্থারের সঙ্গে সমস্যা হয়েছে প্রধান নির্বাচক ইনজামান-উল-হকেরও। সেটি সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে দলে নেওয়া নিয়ে। আর্থার ইনজামামকে সাফ জানিয়ে দেন, তাঁর কর্মপরিকল্পনার কোনো জায়গাতেই হাফিজ নেই। কিন্তু নির্বাচক কমিটি হাফিজকে দলে নেওয়ার ব্যাপারে চাপ সৃষ্টি করায় ব্যাপারটি ভালোভাবে নেননি পাকিস্তান কোচ।
তবে ‘গাধা-ইস্যু’ যে বহুদূর গড়াবে, সেটি বোঝা গেছে আর্থারের প্রতিক্রিয়াতেই। মহসিন খানের এই মন্তব্যে বেজায় চটেছেন তিনি। পিসিবিকে জানিয়ে দিয়েছেন, যদি মহসিন তাঁর কাছে ক্ষমা চেয়ে এই মন্তব্য প্রত্যাহার না করেন, তাহলে কোনোভাবেই ক্রিকেট কমিটির সঙ্গে কোনো বৈঠকে বসবেন না তিনি।