পাকিস্তান ক্রিকেটে ফিক্সিং নিয়ে শোয়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের আগস্টে লর্ডসে আমির-বাট-আসিফদের স্পট ফিক্সিংয়ের দাগ এখনো পুরোপুরি মুছে যায়নি। পাকিস্তান ক্রিকেটে ফিক্সিং বিতর্ক অবশ্য তারও অনেক আগে থেকেই। তবে সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের চোখে সবচেয়ে খারাপ সময়টা ছিল ১৯৯৬ সালে। নিজে ফিক্সিংয়ে না জড়ালেও ওই সময়ে পাকিস্তানের ড্রেসিংরুমের অবস্থা খেলোয়াড়দের জন্য খুব একটা ভালো ছিল না বলেই জানাচ্ছেন একসময়ের দ্রুততম বোলার।
পাকিস্তানের জিও টিভিকে শোয়েব বললেন, ‘বিশ্বাস করুন, ওই সময়ে (১৯৯৬) ড্রেসিংরুমের অবস্থা যা ছিল, এর চেয়ে খারাপ কিছু হতে পারত না। ক্রিকেটের বাইরেও অনেক কিছুই চলছিল সেখানে। ওই ড্রেসিংরুমে থেকে ক্রিকেটে মনোযোগ ধরে রাখা কঠিন ছিল।’
২০১০ সালে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হন সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে আমির গত বছর ফিরেছেন পাকিস্তান দলে। যদিও শোয়েবের দাবি, ফিক্সিংয়ের দিকে টানতে পারেন, এমন লোকদের ব্যাপারে বাঁহাতি পেসারকে আগেই সতর্ক করেছিলেন। আইএএনএস।
সাক্ষাৎকারে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ কথা বলেছেন আফ্রিদি-মিয়াঁদাদের দ্বন্দ্ব নিয়েও। দ্বন্দ্বটার অবসানে ভূমিকা ছিল তাঁরও, ‘আমি আফ্রিদি ও জাভেদ ভাইকে অনুরোধ করেছিলাম, আদালতের বাইরেই ঝামেলা মিটিয়ে ফেলতে। আদালতে গেলে আরও অনেক নামই বেরিয়ে আসত।’