পাকিস্তান ক্রিকেটে ফিরছেন ইনজামাম
আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে ইনজামাম-উল-হকের চুক্তি আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। আফগান কোচ হিসেবে বেশ ভালোও করছেন তিনি। কিন্তু সাফল্যও মনে হয় আসগর স্টানিকজাইদের কোচের পদে আর ধরে রাখতে পারছে না ‘ইনজি’কে। এবার যে নিজের দেশই ডাকছে সাবেক পাকিস্তান অধিনায়ককে! তবে কোচ হিসেবে নয়, পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, দলের প্রধান নির্বাচক হিসেবে ইনজামামকে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর জাতীয় দলের খোলনলচেই বদলে ফেলতে চাচ্ছে পাকিস্তান। কোচ ও টি-টোয়েন্টি অধিনায়ককে বদলানো হয়েছে। বদল আনা হচ্ছে নির্বাচক প্যানেলেও। এর নতুন প্রধান হিসেবে ইনজামামকেই পিসিবির পছন্দ।
পিসিবির এক কর্মকর্তা একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘শাহরিয়ার খান (পিসিবির চেয়ারম্যান) ইনজামামকে প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব দিয়েছেন। সাবেক অধিনায়কের কিছু দাবির বিষয়ে সম্মতও হয়েছেন তিনি।’ বিষয়গুলো কী, জানালেন সেটিও—দল নির্বাচনে কর্তৃত্ব ও আর্থিক সুবিধা।
ইনজামাম অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন। ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পারস্পরিক সম্মতিতে বিদায় নিতে কয়েক দিন সময় চেয়েছেন তিনি’, বলেছেন পিসিবির ওই কর্মকর্তা। অবশ্য জিও টিভির খবর অনুযায়ী গতকালই আফগানিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইনজি। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই আবার পাকিস্তান ক্রিকেটে দেখা যাবে ১২০ টেস্ট ও ৩৯৮ ওয়ানডে খেলা সাবেক অধিনায়ককে। ক্রিকইনফো।