পাকিস্তান দলকে মিসবাহর সহানুভূতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসবাহ উল হক
মিসবাহ উল হক

বাংলাদেশ সিরিজে থাকতে পারতেন তিনিও। কিন্তু বিশ্বকাপের পর থেকেই যে তিনি আর পাকিস্তান ওয়ানডে দলের কেউ নন। দেশে বসে টেস্ট সিরিজের
প্রস্তুতি নেওয়ার ফাঁকেই দেখেছেন নিজের দলের দুর্দশা। মিসবাহ-উল হকের হৃদয়ে রক্তক্ষরণ হলেও পুরো ব্যাপারটাকেই তিনি দেখতে চান বাস্তবের জমিনে দাঁড়িয়ে। তাঁর মতে, ‘পাকিস্তানের এই দলটি একেবারেই নতুন। এই দলটা সবার কাছ থেকে আরও কিছু সময় প্রত্যাশা করে।’
নতুন ওয়ানডে অধিনায়ক আজহার আলীর প্রতিও দারুণ সহানুভূতিশীল মিসবাহ। তিনি নিজে ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন দীর্ঘ দিন। টেস্ট দলের নেতৃত্বটা এখনো তাঁরই। আজহারের চাপটা তিনি খুব বোঝেন। নতুন অধিনায়কের প্রতি নিজের আস্থাও জানিয়ে দিয়েছেন তিনি, ‘আজহার মাত্র অধিনায়কত্ব নিল। তাকে অবশ্যই সময় দিতে হবে। অধিনায়কত্ব নিয়েই সব কিছু বদলে দেওয়া যায় না। পারিপার্শ্বিকতা বলে একটা কথা আছে। এটা সহজে বদলে ফেলা সম্ভব নয়।’
বাংলাদেশ দল যোগ্যতর দল হিসেবেই সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বলে মনে করেন মিসবাহ। বলেছেন, ‘বাংলাদেশ প্রমাণ করেছে তারা কতটা উন্নতি করেছে। আর নিজেদের মাটিতে বাংলাদেশ তো সব সময়ই ভয়ংকর একটি দল।’
সাঈদ আজমল এই সিরিজে নিজের অতীতের ছায়া হয়েই আছেন। ব্যাপারটা মিসবাহকে চিন্তিত করছে অবশ্যই। তবে বাস্তববাদী মিসবাহ জানিয়েছেন, ‘আমরা হয়তো আগের আজমলকে খুব সহসাই ফেরত পাব না।’ নিজের মন্তব্যের স্বপক্ষে ব্যাখ্যাও আছে তাঁর, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ব্যাপারে একটা বিরতি পড়লে আগের জায়গায় ফেরাটা খুব কঠিন। আজমলের বিরতিও তো অন্যরকম। তাঁকে এত দিনের পুরোনো বোলিং অ্যাকশনটাই বদলে ফিরতে হয়েছে। নতুন অ্যাকশনে মানিয়ে নিতে অবশ্যই আজমলের কিছু সময় লাগবে। নিজের আগের বোলিং ফেরাতে আজমলকে অনেক পরিশ্রম করতে হবে। আমরা আগের আজমলকে খুব তাড়াতাড়িই ফেরত পাচ্ছি না।’ সূত্র: এএফপি।