পাকিস্তান দলে আমিরকে চান না ইনজি

স্পট ফিক্সিংয়ের কলঙ্ক গায়ে মেখেছেন। শাস্তিও পেয়েছেন। জেল খেটেছেন, প্রায় পাঁচ বছর থাকতে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে। তারপরও যে আলোকছটায় আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা হয়েছিল মোহাম্মদ আমিরের, নানা ঝড়-ঝাপটার পর সেটি যেন ম্লান হয়নি। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিপিএলে চিটাগং ভাইকিংসের প্রথম ম্যাচে ৩০ রানে ৪ উইকেট নিয়ে নিজেকে চিনিয়েছেন। পাকিস্তানি নির্বাচকদের দৃষ্টি কাড়ার জন্য বিপিএলকেই বেছে নিয়েছেন আমির। পাকিস্তান দলে আদৌ ফিরতে পারবেন কি না তা সময়ই বলবে, তবে পাকিস্তানি এই পেসারকে জাতীয় দলে আর দেখতে চান না ইনজামাম-উল-হক।
কোনো রাখঢাক না করেই পাকিস্তানের সাবেক অধিনায়ক জানিয়ে দিলেন, ‘আমার মনে হয় না আমিরকে পাকিস্তান দলে ফেরানোটা খুব ভালো কোনো চিন্তা। আমির কেন, স্পট ফিক্সিংয়ের দায়ে শাস্তি পাওয়া অন্য দুই ক্রিকেটারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’ তাঁকে ড্রেসিংরুমে ফিরিয়ে আনা হলে দলের ওপর এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ইনজি, ‘আমিরকে দলে নিলে পাকিস্তান দলের খেলোয়াড়দের মনোযোগ ক্রিকেট থেকে দূরে সরে যাবে। আমির ও দলের অন্যদের ওপর বাড়তি চাপ পড়বে।’
এই চাপটা কীভাবে আসবে সেটিও জানিয়েছেন ইনজামাম, ‘আমার অভিজ্ঞতা বলে, আমিরকে নিয়ে জাতীয় দল যদি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারত সফরে যায়, গণমাধ্যমের খোরাক হবে আমির, যা ড্রেসিংরুমে সমস্যার সৃষ্টি করবে।’
জাতীয় দলে আমিরকে না নেওয়ার পক্ষে তাঁর এই মতামত, সেটা আমিরের প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে নয়। পাকিস্তান দলের সার্বিক ভালোর জন্যই স্পট ফিক্সিংয়ের মতো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া ক্রিকেটারদের দূরে রাখার পরামর্শ দিচ্ছেন ইনজামাম, ‘জাতীয় দলে খেলাটা যেকোনো ক্রীড়াবিদের জন্যই পরম সম্মানের। তাই যে ক্রিকেটাররা দুর্নীতি করে দেশের সম্মান ধূলিসাৎ করে, তাদের ব্যাপারে পিসিবিরও একটা পরিষ্কার নীতিমালা গ্রহণ করা উচিত।’
নেতিবাচক ভাবমূর্তির কারণে জাতীয় দলে খেলাটা আমিরের জন্যই সমস্যা হবে বলে মনে করেন ইনজামাম, ‘যেহেতু সে একবার ক্রিকেট দুর্নীতির সঙ্গে জড়িয়ে সকলের বিশ্বাস ভঙ্গ করেছে, তাই পাকিস্তান দলে ফেরার পর দল যদি কোনো ম্যাচ অল্প ব্যবধানে হেরে যায়, তাহলে সবাই আবার নতুন করে তাঁর দিকে আঙুল তুলবে। পাকিস্তান দলে খেলার সময় তার ওপর যে চাপ তৈরি হবে, সেটা অবর্ণনীয়।’ দ্য ডন, পিটিআই।