পাকিস্তান দলে আসছে বড় রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ম্যাচের এই হতাশা পাকিস্তান ক্রিকেটে দিয়েছে বড় একটা ধাক্কা। ছবি: প্রথম আলো
বাংলাদেশ ম্যাচের এই হতাশা পাকিস্তান ক্রিকেটে দিয়েছে বড় একটা ধাক্কা। ছবি: প্রথম আলো

ভারত ও বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপ থেকে ছুটি হয়ে গেছে পাকিস্তানের। এই দুটি হারের জেরে পাকিস্তান ক্রিকেটে তোলপাড় চলছে। পরিস্থিতি সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই খেলোয়াড় তালিকায় বড় পরিবর্তন হতে পারে। পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান দিলেন সেই ইঙ্গিত, ‘সবাই দলের পারফরম্যান্সে হতাশ। তবে আমরা বলির পাঠা খুঁজব না। দলে যে কিছু পরিবর্তন আনা দরকার সেটাও অবশ্য আমরা বুঝতে পারছি। বিশ্বকাপের আগেই দলে কিছু পরিবর্তন তো আসবেই। খারাপ পারফরম্যান্স করলে আপনাকে দায় নিতেই হবে।’

এখন পর্যন্ত যা আভাষ, তাতে দল নির্বাচনে ব্যর্থতার কারণে নির্বাচক কমিটির প্রধানকে বাদও দেওয়া হতে পারে। এশিয়া কাপের দলে থাকা দুই ওপেনার খুররম মঞ্জুর ও শারজিল খানকে দলে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। পিসিবির এক সূত্র জানিয়েছে শৃঙ্খলার কারণে উপেক্ষিত আহমেদ শেহজাদকে পাসপোর্ট নিয়ে প্রস্তুত থাকতে বলেছে বোর্ড। যেকোনো সময় বিশ্বকাপ দলে ডাক আসতে পারে তাঁর।

তবে শহীদ আফ্রিদির অধিনায়কত্ব কেড়ে নেওয়ার দাবি যতই জোরালো হোক, বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে অধিনায়ক পরিবর্তনের পক্ষে নন পিসিবি প্রধান, ‘আমি জানি অনেক সমালোচনা হচ্ছে, কিন্তু এত বড় টুর্নামেন্টের মাত্র এক সপ্তাহ আগে আমি এটা করতে চাই না। আফ্রিদি নিজে থেকে না সরলে সে-ই অধিনায়ক। পাকিস্তানের হয়ে ১৫ বছর ধরে খেলছে। ওর অধিনায়কত্বে অবশ্যই সমস্যা আছে, কিন্তু ক্যারিয়ার শেষ প্রান্তে এসে ওটা শুধরানো সম্ভব নয়।’