পাকিস্তান দলে ক্রিকেটারের চেয়ে রেসলার বেশি

শুধু সমালোচনা জুটছে পাকিস্তানের।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ইংল্যান্ড সফর এখনো শেষ হয়নি। ওয়ানডে সিরিজের পর এখনো টি-টোয়েন্টি সিরিজ খেলা বাকি তাদের। কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাবর আজমরা ধবলধোলাই হওয়ার পরই পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মুখের লাগাম ছুটে গেছে। যে যেভাবে পারছেন, দলটির সমালোচনায় নেমেছেন।

এই পারফরম্যান্সকে পাকিস্তানের জন্য লজ্জাজনক বলেছেন শোয়েব আখতার। এই দলের ক্রিকেটারদের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, এই দলে তেমন তারকা নেই, যাঁদের দেখে মানুষ খেলার প্রতি আগ্রহী হবে। সাবেক এই ফাস্ট বোলার তবু পাকিস্তান স্কোয়াডের খেলোয়াড়দের অন্তত ক্রিকেটার বলে মেনে নিয়েছেন। আরেক সাবেক পেসার আকিব জাভেদের তো সেটাও মনে হচ্ছে না। আকিব জাভেদের চোখে, পাকিস্তানের এই দলে নাকি ক্রিকেটারের চেয়ে রেসলার বেশি!

স্বস্তিতে নেই বাবর আজম।
ছবি: এএফপি

দলে করোনা ধরা পড়ায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডের মূল দল নামাতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় সারির সে দলের বিপক্ষেই তিনটি ওয়ানডেতে হেরেছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচে তো অসহায় আত্মসমর্পণ করেছে সফরকারীরা। আজ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সে সিরিজের জন্য ঘোষিত দল দেখে মহাবিরক্ত আকিব জাভেদ।

পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করে আকিব একসময় জাতীয় দলের বোলিং কোচ ছিলেন। বর্তমান দলের অবস্থা এবং দল নির্বাচন দেখে বিস্মিত আকিব। তাঁর ধারণা, দলের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। ভবিষ্যতের কথা না ভেবে দল নির্বাচন করছেন নির্বাচকেরা, এমনটাই মনে করেন আকিব। জিও নিউজের সঙ্গে কথোপকথনে তিনি বলেছেন, ‘তারা জানেই না, তারা কী করছে বা কোনদিকে যেতে চায়। টি-টোয়েন্টি দলে তো ক্রিকেটারের চেয়ে রেসলারই বেশি দেখছি। শারজিল খান, আজম খান, সোহাইব মাকসুদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো ফিটনেস আছে কি না—এ নিয়ে প্রশ্ন উঠছে।’

টি-টোয়েন্টিতে কি ফর্মে ফিরবে পাকিস্তান?
ছবি: এএফপি

ওয়ানডেতে প্রথম পছন্দের দল খেলাতে না পারলেও টি-টোয়েন্টিতে ইংল্যান্ড সেরা তারকাদেরই পাচ্ছে। এমন এক দলের বিপক্ষে পাকিস্তানের এমন অগোছালো দল দেখে চিন্তিত আকিব। সাদা বলের ক্রিকেটে নিজেদের চিন্তা–ভাবনা একেবারেই বদলে ফেলেছে ইংল্যান্ড। ২০১৫ বিশ্বকাপের পর থেকেই সব সংস্করণে ইতিবাচক-আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করে যাওয়া ইংল্যান্ড আকিবের প্রশংসাও পাচ্ছে। ওদিকে পাকিস্তান দল নাকি পরবর্তী সিরিজ বা দলের একাদশে কে কোথায় খেলবে সেটাই জানে না, অন্তত আকিবের মনে হচ্ছে সেটাই।

শাদাবদের সামনেকঠিন পরীক্ষা।
ছবি: এএফপি

এবারের পাকিস্তান সুপার লিগে চমক দেখিয়েছেন সোহাইব মাকসুদ। ফাইনালেও সেরা খেলোয়াড় ছিলেন এই ব্যাটসম্যান। অবধারিতভাবেই পাকিস্তান দলে তাঁর ডাক পাওয়ার কথা। কিন্তু আকিবের ধারণা, সোহাইবকে দলে কোথায় খেলানো হবে, সেটাই জানে না পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট, ‘যদি দলের দিকে তাকান, তাহলে দেখবেন এক পজিশনে খেলার জন্য একই ধরনের বেশ কিছু খেলোয়াড় আছে। এভাবে কি সামনে এগোনো যায়?’

আজ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজেও হয়তো এর উত্তর খুঁজবেন আকিব।