পাকিস্তান দলে গৃহবিবাদ!
ভারতের কাছে পরাজয় নিয়ে এখনো বিচার-বিশ্লেষণ চলছে পাকিস্তান দলে। কোচ খোদ ওয়াকার ইউনিস স্বীকার করেছেন ইউনিস খানকে ওপেনার হিসেবে নামানোটা ঠিক হয়নি। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে অ্যাডিলেডে সেই হারের ধাক্কা সামলে ওঠার আগেই দুঃসংবাদ শুনল পাকিস্তানের ক্রিকেট। দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার বিবাদে জড়িয়ে পড়েছেন ফিল্ডিং কোচ গ্রান্ট লুডেনের সঙ্গে।
গত মঙ্গলবার অনুশীলনের সময় শহীদ আফ্রিদি, আহমেদ শেহজাদ ও উমর আকমল তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে দাবি লুডেনের। এর প্রতিবাদে পদত্যাগের হুমকি দিয়ে সেদিনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের কাছে ই-মেইল করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়দের অপমানজনক আচরণ তিনি কিছুতেই বরদাশত করবেন না। এরই মধ্যে লুডেন পদত্যাগ করেছেন বলেও খবর কোনো কোনো পত্রিকার। অবশ্য পিসিবি এখনো লুডেনের পদত্যাগ সম্পর্কে কিছু জানায়নি। পিটিআই, এএফপি।