পাকিস্তান দলে দুই পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে এশিয়া কাপে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পাবে কি না তাই নিয়ে চিন্তিত ভারত। চোট স্বস্তিতে রাখেনি দলটির চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও। এশিয়া কাপের দলে দুটি পরিবর্তন এনেই বাংলাদেশে আসতে হচ্ছে পাকিস্তানকে।
চোট ছিটকে দিয়েছে টি-টোয়েন্টি অভিষেকের প্রতীক্ষায় থাকা বাবর আজম ও রুম্মন রাইসকে। তাঁদের বদলে কাল পাকিস্তান ডেকেছে ব্যাটসম্যান শারজিল খান ও ফাস্ট বোলার মোহাম্মদ সামিকে। পরিবর্তন এসেছে দলটির টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও। ইফতিখার আহমেদের পরিবর্তে ডাক পেয়েছেন খালিদ লতিফ।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অনুশীলনের সময় বাঁ হাতের হাড় ভেঙেছে আজমের। বাঁহাতি পেসার রাইসের সমস্যা হ্যামস্ট্রিংয়ে। তাঁদের বদলি বেছে নিতে চলতি পিএসএলের পারফরম্যান্সকেই বিবেচনায় নিয়েছেন পিসিবির নির্বাচকেরা। পিএসএলে ফাইনালের আগে ১০ ম্যাচে এক সেঞ্চুরিসহ ২৮৭ রান শারজিলের, ৬ ম্যাচে সামির উইকেট ১১টি। ক্রিকইনফো।