পাকিস্তান দলে ফেসবুক-টুইটার নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ চলার সময় চাইলেও সামাজিক যোগাযোগ সাইটে এমন ‘সেলফি’ পোস্ট করতে পারবেন না পাকিস্তানের খেলোয়াড়েরা! ছবি: ডন
বিশ্বকাপ চলার সময় চাইলেও সামাজিক যোগাযোগ সাইটে এমন ‘সেলফি’ পোস্ট করতে পারবেন না পাকিস্তানের খেলোয়াড়েরা! ছবি: ডন

বর্তমান সময়ে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। আমজনতা থেকে তারকা-সবার মুক্ত বিচরণ এ মাধ্যমগুলোয়। কিন্তু এ ‘মুক্ত বিচরণ’ সাফল্যের ‘বাধা’ হয়ে দাঁড়াতে পারে ভেবেই কিনা আসন্ন নিউজিল্যান্ড সফর ও বিশ্বকাপ চলার সময় খেলোয়াড়দের সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার নিষিদ্ধ করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ আকরাম চিমার যুক্তি, ‘ব্যক্তিগতভাবে মনে করি, যাদের হাতে অখণ্ড অবসর তারাই সামাজিক যোগাযোগের সাইটগুলোতে সক্রিয় হতে পারে। মনে করি না, সামনে ক্রিকেট বাদে অন্য কিছুতে মনোযোগ দিতে খেলোয়াড়দের হাতে অফুরন্ত সময় থাকবে। ’ তিনি আরও জানালেন, পিসিবি চায় না, সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়েরা অপ্রয়োজনীয় কোনো বিতর্কে জড়িয়ে পড়ুক।
বিষয়টি স্কুলের শিক্ষার্থীদের ওপর জোর করে বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার মতো হয়ে গেল না? চিমা অবশ্য তেমনটি ভাবতে নারাজ। বললেন, ‘ক্রিকেটের বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতেই খেলোয়াড়দের দলে নেওয়া হয়েছে। তাদের শতভাগ ঢেলে দিতে হবে। পূর্ণ মনোযোগ দিতে হবে খেলায়। মনোযোগে যাতে বিঘ্ন না ঘটে, সে কারণেই এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’ শুধু তা-ই নয়, বিশ্বকাপে খেলোয়াড়দের সঙ্গে পরিবারের সদস্য রাখার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান দলের ম্যানেজমেন্ট। তথ্যসূত্র: পিটিআই।