পাকিস্তান দলের সঙ্গে মুশতাক-মেহমুদ

ব্যাপারটাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন শুরুর চেষ্টা হিসেবেই ধরে নিতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দলের কোচিং স্টাফেই সবচেয়ে বেশি বদল আনছে পাকিস্তান। প্রধান কোচ হয়ে মিকি আর্থার এসেছেন, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের সঙ্গেও নতুন চুক্তি হয়েছে। এবার দলের সঙ্গে যোগ দিলেন সাবেক দুই পাকিস্তানি খেলোয়াড়। আগামী মাসের ইংল্যান্ড সফরেই ভিন্ন দুই ভাগে সহকারী কোচ হিসেবে পিসিবি নিয়ে আসছে মুশতাক আহমেদ ও আজহার মেহমুদকে।
যদিও আনুষ্ঠানিক পদ সহকারী কোচ, তবে মূলত দলের বোলিং দিকটাই দেখবেন মুশতাক ও মেহমুদ। ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে বোলিং কোচ হিসেবে থাকবেন মুশতাক। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মেহমুদ। এখনো আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য আসেনি। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন, সবকিছুই প্রায় চূড়ান্ত।
দুজনই অবশ্য এখন ভিন্ন দুটি দায়িত্বে আছেন। বর্তমানে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান কোচ মুশতাক। টেস্ট সিরিজের জন্য এই দায়িত্ব থেকে কিছুদিনের ‘ছুটি’ পাবেন। কোচিংয়ের অভিজ্ঞতাও তাঁর কম নয়। ২০১৪ সাল থেকে পাকিস্তান দলের সঙ্গে বিভিন্ন দায়িত্ব নিয়ে জড়িত ছিলেন। কাজ করেছেন ইংল্যান্ডের স্পিন বোলিং পরামর্শক হিসেবেও।
তবে মুশতাক আসছেন শুধুই টেস্ট সিরিজের জন্য। ক্রিকইনফোর প্রতিবেদন, মেহমুদকেই স্থায়ীভাবে নিয়োগ দিতে পারে পিসিবি। বর্তমানে কাউন্টি দল সারেতে খেলছেন পাকিস্তানের সাবেক বোলিং অলরাউন্ডার। চুক্তিটা শেষ হবে আগামী জুলাইয়ে। ধারণা করা হচ্ছে, ওই চুক্তি শেষ হয়নি বলেই টেস্ট সিরিজে তাঁকে দায়িত্ব দেয়নি পিসিবি। এরই মধ্যে তাঁকে এক বছরের চুক্তির প্রস্তাবও দিয়ে রেখেছে পাকিস্তান বোর্ড।
মুশতাক ও মেহমুদ ছাড়াও পাকিস্তানের কোচিং স্টাফের ‘বহরে’ যুক্ত হচ্ছেন আরও একজন। ফিল্ডিং কোচ হিসেবে আসছেন অস্ট্রেলিয়ান স্টিভ রিক্সন। মিকি আর্থার অস্ট্রেলিয়ার কোচ থাকার সময়ে ২০১১ থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত ক্লার্ক-ওয়ার্নারদের ফিল্ডিং কোচ ছিলেন রিক্সন।
এর আগে ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ট্রেইনার গ্র্যান্ট লুডেন চুক্তির নির্ধারিত দুই বছর শেষ করার পর তাঁদেরও চুক্তি বাড়ানো হয়েছে ইংল্যান্ড সফর পর্যন্ত।