পাকিস্তান না এলে ক্রিকেটারদের বিশ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলাইয়ের নির্ধারিত সফরে আসবে না, এটি আরও আগেই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান দল না এলে ওই সময়ে জাতীয় দলের জন্য অন্য কোনো সিরিজ আয়োজনের পক্ষে নয় বিসিবি। টানা খেলার মধ্যে থাকা ক্রিকেটারদের একটু বিশ্রাম দেওয়াটাই এখন বেশি গুরুত্ব পাচ্ছে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে।
কাল বিকেলে নিজের বাসভবনে সাংবাদিকদের বোর্ড সভাপতি বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে আমরা আর কোনো যোগাযোগ করিনি। তারা না এলে আমি মনে করি ওই সময় খেলোয়াড়দের বিশ্রাম দরকার। ওরা টানা খেলে যাচ্ছে। এ রকম টানা ক্রিকেট খেলার ফিটনেস আসলে আমাদের ছেলেদের আছে কি না, সেটা নিয়েও আমরা সন্দিহান।’ তবে খুব প্রয়োজন হলে অন্য কোনো দলের সঙ্গে তখন সিরিজ খেলা আবার অসম্ভবও নয় বলে জানিয়েছেন সভাপতি, ‘চার-পাঁচটা দল আছে, ফাঁকা থাকলে যারা আমাদের সঙ্গে খেলতে প্রস্তুত। এ নিয়ে হুলুস্থুল করার কিছু দেখছি না।’
পাকিস্তান বাংলাদেশ সফরে এলে বিসিবি পাকিস্তানে হাইপারফরম্যান্স (এইচপি) দল পাঠাবে বলে আগে জানিয়েছিলেন নাজমুল হাসান। তবে পাকিস্তান যেহেতু আসবে না, বাংলাদেশের এইচপি দলও এখন পাকিস্তানে যাবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।