পাকিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে ব্যাটিংই কাল হয়েছে ভারতের

কোহলি-রোহিত-পন্ত-রাহুলরা প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেননিছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও হেরে গেছে তারা। দুটি ম্যাচের একটিতেও ব্যাটিং ভালো হয়নি ভারতের। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ভারত করতে পেরেছিল ১৫১ রান। নিউজিল্যান্ডের অবস্থা ছিল আরও বাজে, ৭ উইকেটে তাদের স্কোর ছিল ১১০! পাকিস্তান ম্যাচ জিতেছে ১০ উইকেটে আর নিউজিল্যান্ড ৮ উইকেটে।


পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের বোলিংও খুব একটা ভালো হয়নি। তবে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করেন, ওই দুই ম্যাচের ব্যাটিংই সর্বনাশ করেছে ভারতের।

বাজে ব্যাটিংই ডুবিয়েছে ভারতকে
ছবি: এএফপি

গতকাল নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের হারে ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর গাভাস্কার বলেছেন, ‘ভারত বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের কারণে। এটাই মুখ্য কারণ। এর বাইরে অন্য কোনো কারণ নেই।’


ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার এরপর যোগ করেন, ‘পাকিস্তানি বোলাররা ভারতীয়দের বিপক্ষে দারুণ বোলিং করেছে। আমরা বাজে খেলেছি। নিউজিল্যান্ডের ম্যাচেও তা–ই হয়েছে। আমরা সেটার ফলই পেয়েছি। ওরা আমাদের ব্যাটসম্যানদের বেঁধে রেখেছিল, রান করতে দেয়নি। এটাই আমাদের বাদ পড়ার মূল কারণ।’

অসন্তুষ্ট সুনীল গাভাস্কারও
ফাইল ছবি

ভারতের আরেক সাবেক ক্রিকেটার হরভজন প্রশ্ন তুলেছেন এবারের টি-টোয়েন্টির দল নির্বাচন নিয়ে। আজ ভারত বাদ পড়ার পর তিনি এটা নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন, ‘নির্বাচকদের তাদের কাজ করতে দেওয়া উচিত। ক্রিকেটাররা তাদের কাজ করুক। যদি ক্রিকেটাররা নির্বাচক হয়ে যায়, তাহলে তো নির্বাচকদের কোনো কাজই থাকে না।’


পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিতে টস হেরেছিল ভারত। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে যেতে হয়েছে তাদের।

ভারতের স্পিনার হরভজন সিং
ফাইল ছবি: এএফপি

নামিবিয়ার বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ভারতের বাজে অবস্থার জন্য টস হেরে যাওয়ার অজুহাত দেখিয়েছেন দলটির বোলিং কোচ ভরত অরুণ। শিশিরের কারণে পরে ব্যাট করা দল বাড়তি সুবিধা পেয়েছে বলে মনে করেন অরুণ।

কিন্তু হরভজনের কথা, ‘ভরত অরুণ টসের কথা বলেছেন। এসব কথা বলার জন্যই বলা। টস হেরেও কিন্তু চেন্নাই সুপার কিংস একই কন্ডিশনে আইপিএল জিতেছিল। ওরা ১৯০ রান করেছিল। শেষ পর্যন্ত জিতেছে। আপনাকেও রান করতে হতো। আপনি ভালো খেলেননি, যতটা ভালো খেলা উচিত ছিল। এটা মানতে হবে। এটা হতেই পারে। কিন্তু না জেনে এমন মন্তব্য করা উচিত নয়। কারণ, ভারত এখন ওই রকম দল নেই।’