পাকিস্তান নিরাপদ: বাংলাদেশকে জানালেন করুণারত্নে

দুই মাস আগে পাকিস্তানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে নিরাপদেই দেশে ফিরেছিল শ্রীলঙ্কা। সে সফর থেকে পাওয়া আত্মবিশ্বাসে এখন টেস্ট সিরিজে অংশ নিয়ে আবার পাকিস্তানে খেলতে এসেছে লঙ্কানরা। এর মাঝেই একটি টেস্ট শেষ হয়ে গেছে। দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে আজ। সফর শেষ হওয়ার আগেই অবশ্য শ্রীলঙ্কার মন জিতে নিয়েছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা ব্যবস্থায় এতই মুগ্ধ দলটি যে বাংলাদেশকেও পাকিস্তান সফরের ব্যাপারে উৎসাহ দিচ্ছে তারা।
সেপ্টেম্বরের ওয়ানডে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল শ্রীলঙ্কার মূল খেলোয়াড়দের অনেকেই। দশ খেলোয়াড়ের মাঝে অধিনায়ক দিমুথ করুণারত্নেও ছিলেন। টেস্ট সিরিজে অবশ্য পূর্ণাঙ্গ সিরিজের দল নিয়েই এসেছে শ্রীলঙ্কা। আর এ দলকে দেওয়া নিরাপত্তা দেখে দুই মাস আগে পাকিস্তানে না আসা নিয়ে হাপিত্যেশ করছেন করুণারত্নে, ‘সংক্ষিপ্ত সংস্করণে না আসায় এখন আমার দুঃখ হচ্ছে। সে সময় এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল। কারণ আমি পাকিস্তানের ব্যাপারে খবরে ও সামাজিক যোগাযোগ অনেক খবর পড়েছি, অনেক কিছু শুনেছি। কিছুই ইতিবাচক ছিল না। কিন্তু যারা আগে ঘুরে গেছে তারা সবাই ইতিবাচক কথাই বলেছে। এ কারণেই সিনিয়ররা এখানে টেস্ট খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এখন মনে হচ্ছে তখন ওয়ানডে খেলা উচিত ছিল আমার।’
করাচি টেস্টের পরও দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থাকবে পাকিস্তানের। জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার কথা তাদের। নিরাপত্তার ব্যাপারে এখনো নিশ্চয়তা পায়নি বাংলাদেশ। এ ব্যাপারে বাংলাদেশকে সরাসরি কিছু না বললেও প্রচ্ছন্নভাবে পাকিস্তানে যাওয়ার ব্যাপারে আশ্বস্ত করতে চেয়েছেন করুণারত্নে, ‘আমি বাংলাদেশকে বলব না তাদের আসা উচিত কি না, তবে এটা বলতে পারি আমি এখানে নিরাপদ বোধ করছি। আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারা শুধু শতভাগই দিচ্ছে না, বরং এর চেয়েও বেশি কিছু দিচ্ছে। এ কারণেই আমরা সবাই ভালো বোধ করছি। আমরা তো বাইরে খেতেও গিয়েছি। আমি বলতে পারি পাকিস্তান এখন ক্রিকেটের জন্য নিরাপদ।’
করাচি টেস্টে অবশ্য শুরুটাও ভালো করেছে করুণারত্নের দল। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। ৬০ রান করেছেন বাবর আজম, ৬৩ রান করেছেন আসাদ শফিক। ৪ উইকেট করে নিয়েছেন লাহিরু কুমারা ও লাসিথ এমবুলদেনিয়া। বিশ্ব ফার্নান্দো নিয়েছেন বাকি দুই উইকেট।