পাকিস্তান নিয়ে ভাবার সময় কই অস্ট্রেলিয়ার

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে কথায় মজেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মড়ার উপর খাঁড়ার ঘা বুঝি একই বলে!

লাহোরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। তার আগে অস্ট্রেলিয়া দলের পরিস্থিতিটা একবার দেখুন—প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্কের মতো তিন তারকা পেসার ও ওপেনার ডেভিড ওয়ার্নার নেই বিশ্রামের কারণে।

ওয়ানডে খেলার কথা ছিল স্টিভেন স্মিথের। সাবেক অধিনায়কও কনুইয়ের চোটে সাদা বলের সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন।

অলরাউন্ডার মিচেল মার্শকেও চোটের কারণে প্রথম ওয়ানডেতে পাচ্ছে না অস্ট্রেলিয়া। কাল কোভিড পজিটিভ হয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জস ইংলিস।

তাঁর জায়গায় আরেক ব্যাটসম্যান ম্যাট রেন শকে জরুরিভাবে পাকিস্তানে উড়িয়ে নেওয়া হয়েছে। আর গ্লেন ম্যাক্সওয়েল তো নিজের বিয়ে নিয়ে ব্যস্ত। তাহলে বিষয়টা কী দাঁড়াল? মাঠে নামার আগেই চাপে ‘অনভিজ্ঞ’ অস্ট্রেলিয়া!

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শেষ হবে ২ এপ্রিল। তার আগেই মার্শকে ফিরে পাওয়ার আশা অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের। অন্তত শেষ দুই ওয়ানডে তিনি খেলতে পারবেন—এমন আশা করা হচ্ছে। পাঁচ দিনের জন্য কোয়ারেন্টিনে যাওয়া ইংলিসকেও শেষ ওয়ানডেতে পেতে আশাবাদী অস্ট্রেলিয়া।

১১টি টেস্ট খেললেও ইংলিসের জায়গায় ডাক পাওয়া রেন শর এখনো সাদা বলে অস্ট্রেলিয়ার হয়ে খেলা হয়নি। প্রথম ওয়ানডেতে মার্শের জায়গায় খেলবেন টেস্ট সিরিজে ভালো করা পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

অনুশীলনে কোমরের বাঁ পাশে মার্শের চোট পাওয়ার খবর কাল নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), ‘স্ক্যান করে চোট ধরা পড়েছে। মার্শ সিরিজের শেষ দিকে ফিরে আসতে পারে।’

মাত্র একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতাসম্পন্ন গ্রিন টেস্ট সিরিজে ছয়ে নেমে ৫১.৫৭ গড়ে ব্যাট করেছেন এবং ৩টি উইকেটও নেন। লাহোরে সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৭৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন গ্রিন। শেষ দিনে আবদুল্লাহ শফিককেও তুলে নেন তিনি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘ক্যামেরন মিডলঅর্ডারে ব্যাট করবে। সে দারুণ প্রতিভাবান ক্রিকেটার। টেস্টে ভালো ধারাবাহিক। ব্যাট ও বলে তার অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই।’

গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিতে দলের শক্তি কমলেও ফিঞ্চ মনে করছেন, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দলের গভীরতা পরখ করে দেখার সুযোগ পাবেন ওয়ানডে সিরিজে, ‘স্কোয়াডের গভীরতা ও খেলোয়াড়দের অভিজ্ঞ করে তোলার সুযোগ এটি। ৫০ ওভারের বিশ্বকাপ মাথায় রেখেই স্কোয়াড নিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হবে।’