পাকিস্তান? বাংলাদেশ-ভারতই এখন আসল লড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবি শাস্ত্রী। ছবি: প্রথম আলো।
রবি শাস্ত্রী। ছবি: প্রথম আলো।

কাল সংবাদ সম্মেলনে রবি শাস্ত্রী থাকলেন তাঁর মতোই। কেমন যেন বাংলাদেশকে একটু পাত্তা না দেওয়ার হাবভাব শরীরের ভাষায়। এশিয়া কাপে খেলতে এসেই বলেছিলেন, গত জুন মাসের ‘দুঃস্বপ্ন’ নাকি তাঁর মনে নেই। এটা কখনো হয় নাকি! যে বাংলাদেশকে একসময় গোনাতে ধরারই প্রয়োজনীয়তা অনুভব করতেন না, সেই বাংলাদেশের কাছেই ওয়ানডে সিরিজ হেরে দেশে ফিরলেন, এমন অভিজ্ঞতা তাঁর মনে নেই!

এশিয়া কাপের ফাইনালেও যে সেই বাংলাদেশকেই পাচ্ছেন আর কয়েক ঘণ্টা পর, সেটাও বোধ হয় ভাবেননি শাস্ত্রী। সেই বাংলাদেশই তো! যারা টি-টোয়েন্টি ক্রিকেটটা একেবারেই খেলতে পারে না বলে এত দিন সবাই জানত। ফাইনালের আগেও সংবাদ সম্মেলনে এসে ভারতের টিম ডিরেক্টর তাই আগের মতোই থাকলেন। ফাইনালে ভারত উঠেছে, প্রতিপক্ষ কে, এসব নিয়ে ভাবার সময় তাঁর নেই।

উপমহাদেশে বেশ কিছু দিন ধরেই ভারত-বাংলাদেশ লড়াই আলাদা উত্তাপই ছড়িয়ে যাচ্ছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালই তো প্রমাণ করে দিয়েছে, এই লড়াইটাকে আর দশটা সাধারণ ক্রিকেট লড়াইয়ের পর্যায়ে রেখে দেওয়াটা এখন অন্যায়ই। এই লড়াই এখন মর্যাদার লড়াই। আগুনে লড়াই। বাংলাদেশের কাছে অন্তত তা-ই। ভারতীয় ক্রিকেট দলের কাছে বাংলাদেশ হয়তো এখনো ‘পাকিস্তান’ হয়ে উঠতে পারেনি, কিন্তু গত জুনের সিরিজ হারের পর কী উপমহাদেশের ক্রিকেট দর্শকদের ভাবনা অনেকটা অমনই নয়!


রবি শাস্ত্রীকে এমন একটা প্রশ্নই ছুড়ে দেওয়া হয়েছিল কালকের সংবাদ সম্মেলনে। পারিপার্শ্বিকতা বিবেচনায় এই মুহূর্তে কী তবে উপমহাদেশের সবচেয়ে বড় ক্রিকেট লড়াই ভারত-বাংলাদেশ! প্রশ্নটা এসেছে খুব স্বাভাবিক কারণেই। বেশ কিছু দিন ধরেই ভারত-পাকিস্তানের লড়াইয়ে নেই ‘পঞ্চাশ-পঞ্চাশ’ ব্যাপারটা নেই। বিশ্বকাপ এলে তো আরও নেই। ক্রিকেটের বৈশ্বিক প্রতিযোগিতায় ভারত পাকিস্তান লড়াই মানেই তো ভারতের জয়। সেটি-টোয়েন্টিই হোক বা ওয়ানডে। এবার তো এশিয়া কাপে লড়াইটা হয়েছে একেবারেই একপেশে। আট ওভারের মধ্যেই যে ম্যাচের গতি-প্রকৃতি ঠিক হয়ে যায়, তাকে কীভাবে ‘মহারণ’ আখ্যা দেওয়া যায়!

শাস্ত্রী অবশ্য এই প্রশ্নের কূটনৈতিক ব্যাখ্যাই দিয়েছেন। বলেছেন, ‘এই উপমহাদেশের প্রতিটি দলই ভালো। পাকিস্তান এই মুহূর্তে দৃশ্যপটের বাইরে, কারণ তাদের খারাপ সময় যাচ্ছে। শ্রীলঙ্কা গতবার এখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। এখন বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে। এক সময় ভারত, পাকিস্তান এক আর দুইয়ে ছিল। এখন ভারত আছে। কোনো দল ভালো করলে এক ধরনের পরিচয় হয়, আবারও খারাপ সময়ে সে নতুন পরিচয় পায়। সব দলের ক্ষেত্রেই এমন হয়।’
খেয়াল করেছেন, শাস্ত্রী কিন্তু পাকিস্তানের জায়গায় বাংলাদেশের নাম বলেননি!