২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলার মধ্য দিয়ে শুরু হচ্ছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুই দেশের অনেক সাবেক খেলোয়াড় ও ক্রিকেটবোদ্ধাই নিজেদের মত দিচ্ছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন সাবেক ভারতীয় পেসার অজিত আগারকার।
লড়াইয়ে নামার আগমুহূর্তে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস আয়োজিত ‘ক্লাস অব ২০০৭’ অনুষ্ঠানে কথা বোলার একপর্যায়ে সাবেক ভারতীয় পেস বোলার অজিত আগারকার বলেন, দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ধরলে, বিশ্বকাপে পাকিস্তান ভারতের জন্য তেমন একটা হুমকির কারণ হবে বলে তিনি মনে করেন না।
অজিত আগারকারকে এমন বলার সাহস দিচ্ছে দুই দলের সাম্প্রতিক ফর্ম ও পরিসংখ্যান, ‘সব সময়ই ভারত-পাকিস্তানের ম্যাচগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক ফর্ম ও পরিসংখ্যান বিবেচনা করলে আমার মনে হয় না পাকিস্তান ভারতকে তেমন কোনো চ্যালেঞ্জ জানাতে পারবে।’
তবে ৪৩ বছর বয়সী এই পেসার বেশ ভালোই জানেন টি-টোয়েন্টি ফরম্যাটের অনিশ্চয়তার কথা। যে কারণে পাকিস্তানকে একেবারেই হালকাভাবে দেখছেন না তিনি, ‘পাকিস্তান দলকে হালকাভাবে নেওয়া বিরাট কোহলির দলের মোটেও উচিত হবে না। আমার মনে হয় না ভারতের উচিত আমাদের প্রতিবেশীকে সহজভাবে নেওয়া, কারণ ক্রিকেট মোটেও সহজভাবে নেওয়ার কোনো খেলা নয় এবং যেকোনো মুহূর্তেই খেলার অবস্থা বদলে যেতে পারে, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে।’
আগারকার ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতিচারণ করেন, যেখানে রুদ্ধশ্বাস এক ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে ভারত প্রথমবারের মতো আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে।
ধোনির নেতৃত্বে সে দলে ছিলেন না সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় বা শচীন টেন্ডুলকারের মতো অভিজ্ঞ কেউ। বলতে গেলে তরুণ একদল নিয়েই সবাইকে চমকে দিয়েছিল ভারত।
ফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয়টা তাই বাড়তি তৃপ্তি এনে দিয়েছিল আগারকারদের, ‘পুরো যাত্রাটি ছিল আমাদের কাছে স্বপ্নের মতো। আমরা কখনই ভাবিনি যে তারুণ্যনির্ভর একটা দল নিয়ে আমরা বিশ্বকাপ জিতব, তা–ও আবার পাকিস্তানকে পরাজিত করে। আমি মনে করি ভারত-পাকিস্তানের খেলা মানেই বাঁধভাঙ্গা আবেগ এবং এটি বিশ্বকাপের বহুল আকাঙ্ক্ষিত ম্যাচগুলোর একটি।’
বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে মুখোমুখি হবে ভারত। কোহলিরা কী পারবেন আগারকারের কথাকে সঠিক প্রমাণ করতে? সময়ই বলে দেবে!