পাকিস্তান ম্যাচে তৈরি ‘শাহিন–ভীতি’ই কোহলিদের সর্বনাশ করেছে
গোড়ায় তাহলে শাহিন আফ্রিদি? আকিব জাভেদ অন্তত তা-ই মনে করছেন।
ফেবারিট তকমা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এসেছে ভারত। তারপর টানা দুই ম্যাচ হারে ভারতের এখন সেমিফাইনালে ওঠা নিয়েই টানাটানি। অথচ বিরাট কোহলির দলে তারকার অভাব নেই। ভয়ডরহীন ক্রিকেট খেলে নাম কুড়িয়েছেন লোকেশ রাহুল থেকে হার্দিক পান্ডিয়ারা।
কিন্তু পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠের খেলায় তা অনূদিত হলো কোথায়! বরং কোহলিদের খেলায় ভীতির ছাপ স্পষ্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে কাল রাতের ম্যাচই ধরুন—৫৪টি ‘ডট’ বল এবং বেশির ভাগ ব্যাটসম্যানের সীমানায় ক্যাচ দিয়ে ফেরাটা তার প্রমাণ।
আকিব জাভেদ মনে করেন, কোহলিদের শিরদাঁড়ায় এই ভীতির স্রোতের সঞ্চার করেছেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি—পাকিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে।
পিটিভি স্পোর্টসের সঙ্গে আলাপে পাকিস্তানের সাবেক পেসার বলেন, ‘রোহিত শর্মা টি-টোয়েন্টিতে সেরাদের একজন। কিন্তু শাহিন আফ্রিদির এক আঘাতের পরই উদ্বোধনী জুটি পাল্টানো হলো। বাঁহাতি ইশান কিষাণকে আনা হলো। কারণ, ট্রেন্ট বোল্টের বিপক্ষে দুজন ডানহাতি ব্যাটসম্যানকে নামাতে ভয় পেয়েছে ভারত। এ কারণে রোহিত তিনে ব্যাট করেছে। মাত্র দুই ওভার টিকেছে (উদ্বোধনী জুটি)। বিশ্বের অন্যতম সেরা রোহিতের নিজেকে না লুকিয়ে ইনিংস উদ্বোধন করা উচিত ছিল।’
নিউজিল্যান্ডের বিপক্ষে লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করেন ইশান। ২.৫ ওভারে বোল্টের বলে সীমানায় ক্যাচ দিয়ে আউট হন এ বাঁহাতি। পাকিস্তানের বিপক্ষে ওপেন করেন রাহুল ও রোহিত। সে ম্যাচে নিজের প্রথম স্পেলে দুজনকে তুলে নেন শাহিন।
গতি ও সুইংয়ে রোহিত-রাহুল দুজনকেই সেদিন অস্বস্তিতে রেখেছিলেন পাকিস্তানি বাঁহাতি ফাস্ট বোলার। রোহিতকে ইয়র্কারে আউট করার পর রাহুলকে তুলে নেন ভেতরে ঢোকানো ডেলিভারিতে। পরে কোহলিকেও আউট করেন শাহিন।
পাকিস্তানের হয়ে ২২ টেস্ট ও ১৬৩ ওয়ানডে খেলা আকিব মনে করেন, শাহিনের মতো বোল্টও যেহেতু বাঁহাতি পেসার এবং বল দুই দিকেই সুইং করাতে পারেন, তাই দুই ডানহাতি ওপেনারকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলানো ঝুঁকি মনে করেছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
তবে রোহিত যেহেতু এ সংস্করণে বিশ্বের অন্যতম সেরা ওপেনার, তাঁকে তাঁর স্বাভাবিক জায়গায় খেলানো উচিত ছিল বলে মনে করেন আকিব জাভেদ।
ভারতের মুখোমুখি হওয়া নিয়ে প্রস্তুতিও ছিল বোল্টের। ম্যাচের আগে বলেছিলেন, রোহিত-রাহুলদের বিপক্ষে তিনি শাহিন আফ্রিদির মতো বল করবেন। তেমন হলে তাঁকে পাল্টা আক্রমণের হুমকি দিয়ে রেখেছিলেন ভারতের অধিনায়ক কোহলি।
মাঠের খেলায় শুধু কোহলিদের হারানো নয়, বোলিংয়েও শাহিন আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন বোল্ট। ভারতের বিপক্ষে শাহিন ৩ উইকেট নিয়েছিলেন ৩১ রান দিয়ে, বোল্ট কাল ৩ উইকেট নিয়েছেন ২০ রানের বিনিময়ে।
শাহিনের তৈরি করে দেওয়া ভীতিকেই ভারতের হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন আকিব জাভেদ। শাহিন আফ্রিদির সেই স্পেলের পর গোটা ম্যাচেই কেঁপেছে ভারতের ব্যাটিং।
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং অর্ডার পাল্টানো নিয়ে আকিবের ব্যাখ্যা ভারতের ভয় পাওয়ার দিকেই ইঙ্গিত করে, ‘পুরো ব্যাপারটা আত্মবিশ্বাসের। সেরা খেলোয়াড়ের সামনে থেকে আক্রমণের আত্মবিশ্বাস ছিল না। গোটা দলের ভেতরকার বার্তাটা তাতে পাওয়া যায়।’
ব্যাটিংয়ের সময় ভারতের ব্যাটসম্যানদের শরীরী ভাষায়ও ভীতিটা দেখেছেন আকিব, ‘শট খেলতে ভয় পেয়েছে তারা।’