পাকিস্তান যাচ্ছে জিম্বাবুয়ে!
শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে পাকিস্তানে! সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাওয়ার কথা জিম্বাবুয়ের। সিরিজের সম্ভাব্য ভেন্যু লাহোর ও করাচি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এখন সফরের খুঁটিনাটি নিয়ে আলোচনা করছে। আইসিসির পরবর্তী সভার পাশে দুই বোর্ডের প্রধানেরা আলোচনা করে চূড়ান্ত করবেন সফরের ভবিষ্যৎ। আলোচনা ইতিবাচক হলে ২০০৯ সালের পর পাকিস্তান সফর করা প্রথম টেস্ট খেলুড়ে দেশ হবে জিম্বাবুয়ে। ওই বছর লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলার পর শুধু আফগানিস্তান ও কেনিয়াই পাকিস্তান সফরে গেছে। ২০১২ সালে অবশ্য বাংলাদেশ দলের পাকিস্তান সফর করার কথা ছিল। শেষ পর্যন্ত অবশ্য বাংলাদেশ যায়নি। আর এ নিয়ে দুই দেশের ক্রিকেট কূটনীতিতে সৃষ্টি হয়েছিল টানাপোড়েন।
পিসিবির এক সিনিয়র কর্মকর্তা বলেছেন তাঁরা নিরাপত্তা পরিকল্পনা খুঁটিনাটি জেডসিকে পাঠিয়ে দিয়েছেন, ‘তারা (জেডসি) নিরাপত্তা পরিকল্পনা চেয়েছিল, আমরাও সেটা পাঠিয়ে দিয়েছি। এখন আমরা ওদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আশা করছি, এ মাসের আইসিসি মিটিংয়ের সময় পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান ও জেডসি-প্রধান সাক্ষাৎ করেই সিদ্ধান্ত নেবেন।’
গত বিশ্বকাপ চলাকালেই নাকি দুই বোর্ড প্রথম আলোচনা করেছে সফর নিয়ে। আর প্রস্তাবটা নাকি প্রথম এসেছে জিম্বাবুয়ের দিক থেকেই। শুধু জিম্বাবুয়ে নয় পিসিবি আশা করছে হল্যান্ডসহ দুটি সহযোগী দেশও পাকিস্তান সফরে আসবে। আইবিএন।