পাকিস্তান যেতে চান না সাকিবদের কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। প্রথম আলো ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। প্রথম আলো ফাইল ছবি

জাতীয় দলের কোচিং স্টাফের বেশির ভাগ সদস্য পাকিস্তান সফরে যেতে চান না। জানুয়ারি মাসে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ দলের। ইতিমধ্যে পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ নারী দল ও ছেলেদের অনূর্ধ্ব-১৬ দল।

নারী দলের ভারতীয় কোচরা কেউ পাকিস্তান যাননি। বদলি হিসেবে স্থানীয় কোচদের নিয়ে নতুন কোচিং স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে এই সিরিজের জন্য। বিসিবির এক সূত্র জানিয়েছে, এবার ছেলেদের জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো, চার্ল ল্যাঙ্গেভেল্ট, নিল ম্যাকেঞ্জি ও ড্যানিয়েল ভেট্টোরিও পাকিস্তান যেতে চান না। দলের ভারতীয় ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনেরও পাকিস্তান যাওয়ায় ঘোর আপত্তি। কাল তিনি বলছিলেন, ‘আমি যেতে পারব না। জানেন দুই দেশের রাজনৈতিক অবস্থা। পাসপোর্ট রেখে দেবে যদি আমি যাই।’ তবে জানা গেছে, পাকিস্তান সফর করতে সমস্যা নেই জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়নের।

এ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘এ ব্যাপারে আমাদের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। আলোচনা হলে বলা যাবে।’