পাকিস্তান শেষ ২১৩ রানেই

পরিসংখ্যান বলছে অ্যাডিলেডে আগে ব্যাটিং করলেই নাকি জয় পায় বেশির ভাগ দল। টস জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই ব্যাট করার সিদ্ধান্তটি নিতে একটুও দেরি করেননি পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল-হক। পরিসংখ্যান বিচার করে নিশ্চয়ই এই সিদ্ধান্তটি মিসবাহ নেননি, উইকেট দেখেই ছিল সেই সিদ্ধান্তটা। কিন্তু নিজেদের ইনিংস শেষে মিসবাহ নিশ্চয়ই কপাল কুঁচকে ভাবতে বসেছেন, সত্যিই কী আমার সিদ্ধান্তটি সঠিক ছিল! চোখে দেখা যায় এমন ব্যাটিং উইকেটে অস্ট্রেলীয় বোলাররা কী বোলিংটাই না করলেন। উল্টো দিকটাও বলা যায়, দারুণ ব্যাটিং উপযোগী পরিবেশের কী নিদারুণ অপচয়টাই না করলেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। অস্ট্রেলীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সই বলুন, কিংবা পাকিস্তানি ব্যাটসম্যানদের নিদারুণ ব্যর্থতাই বলুন অ্যাডিলেডের তৃতীয় কোয়ার্টার ফাইনালটি জিততে অস্ট্রেলিয়াকে খুব একটা কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে না। জয়ের জন্য ক্লার্ক-স্মিথ-ওয়ার্নার-ম্যাক্সওয়েলদের যে করতে হবে মাত্র ২১৪ রান।
পাকিস্তানি ব্যাটিং শুরু থেকেই আজ এলোমেলো হয়ে যায় মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড নামের দুই গতিময় বোলারের তোপে। সেই সঙ্গে যোগ দিয়েছিলেন মিচেল জনসন ও জেমস ফকনারের আক্রমণ। গ্লেন ম্যাক্সওয়েলও কী কম যান? সব মিলিয়ে বল হাতে একটা পরিপূর্ণ প্রদর্শন অস্ট্রেলীয় বোলারদের। যার ফল, পুরো ইনিংসে পাকিস্তানি ব্যাটসম্যানদের কোমর সোজা করে দাঁড়াতে না পারা। লড়েছিলেন হারিস সোহেল। লড়েছিলেন মিসবাহ-উল-হক। বেশির ভাগ ব্যাটসম্যানই নিজেদের ইনিংসের শুরুটা করেছিলেন কিন্তু শেষটা করে যেতে পারেননি। পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাট না পারার কারণেই ব্যাট হাতে অস্ট্রেলিয়াকে খুব একটা বড় চ্যালেঞ্জ জানাতে পারছে না পাকিস্তান।
২০ রানের উদ্বোধনী জুটির পর খুব অল্প ব্যবধানেই পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে তুলে নেন অস্ট্রেলিয়ার দুই ফাস্ট বোলার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। এরপর মিসবাহ আর হারিস সোহেলের মধ্যে গড়ে ওঠে ৭৩ রানের এক আশা জাগানিয়া জুটি। কিন্তু এই জুটি বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই পুরোপুরিই পথ হারিয়ে বসে পাকিস্তান। নিয়মিত বিরতিতে ফিরে যান শোয়েব মাকসুদ, উমর আকমল ও শহীদ আফ্রিদির মতো ব্যাটসম্যানরা। নতুন করে আর একটিও জুটি গড়তে না পারার ব্যর্থতায় শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস ৪৯.৫ ওভারে গুটিয়ে যায় ২১৩ রানেই।
হারিস সোহেলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১। মিসবাহ করেন ৩৪। শোয়েব মাকসুদ ২৯, শহীদ আফ্রিদি ২০ আর উমর আকমলের ২০ রানের ইনিংস তিনটির সম্ভাবনা ছিল বড় কিছু করার। কিন্তু তাঁরা পারেননি। পারেননি, অস্ট্রেলীয় বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের জন্যই।
আজ অস্ট্রেলিয়ার সেরা বোলার জশ হ্যাজেলউড। মাত্র ৩৫ রানে তিনি তুলে নিয়েছেন চারটি উইকেট। ২টি করে উইকেট গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্কের। একটি করে উইকেট ভাগাভাগি করেছেন জেমস ফকনার ও মিচেল জনসন।