পাকিস্তান সফর বাতিল করল জিম্বাবুয়ে

ছয় বছর পর কোনো টেস্ট দল সফর করতে চেয়েছিল পাকিস্তানে। সব কিছু প্রস্তুত। এমন সময় আবারও পাকিস্তানের ক্রিকেটের জন্য দুঃসংবাদ। প্রস্তাবিত সফরটি বাতিল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। গত কিছু দিন ধরে পাকিস্তানে একের পর এক জঙ্গি হামলার পর এই ঘোষণা এল জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) পক্ষ থেকে।
এ মাসের শুরুতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাকিস্তানের নিযুক্ত নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূত মারা যান। দুর্ঘটনার আসল কারণ জানা না গেলেও তালেবানরা দাবি করে, তাদের হামলাতেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মাত্রই কদিন আগে করাচিতে বন্দুকধারীর গুলিতে ৪৩ জন বাসযাত্রী নিহত হন। এর পরই শেষ মুহূর্তে সফর বাতিলের ঘোষণা দিল জেডসি।
এক বিবৃতিতে জেডসি জানিয়েছে, দেশটির ক্রীড়া বিষয়ক শীর্ষ কর্তৃপক্ষ স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনাল কমিশনের (এসআরসি) পরামর্শ মেনেই সফর বাতিল করা হয়েছে, ‘পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের পরামর্শ দেওয়া হয়েছে এই মুহূর্তে পাকিস্তান সফর করা আমাদের দলের জন্য নিরাপদ নয়।’
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর হামলার পর পাকিস্তানে কোনো টেস্ট খেলুড়ে দল সফর করেনি। সংক্ষিপ্ত ও প্রীতি ম্যাচ খেলতে আফগানিস্তান ও কেনিয়া গিয়েছিল। দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে মরিয়া পিসিবি বিভিন্ন সময়ই বিভিন্ন দলকে পাকিস্তান সফর করাতে রাজি করানোর চেষ্টা করে গেছে। এমনকি বাংলাদেশকেও রাজি করানোর চেষ্টা করা হয়েছিল।
শেষ পর্যন্ত জিম্বাবুয়ে ইতিবাচক সাড়া দেয়। মোটা অঙ্কের বিনিময়ে তাদের রাজি করানো হয়েছে বলে গুঞ্জন আছে। জেডসির নিরাপত্তা পর্যবেক্ষক দল দেশে ফিরে ইতিবাচক প্রতিবেদন দেয়। জেডসি সফরের দলও ঘোষণা করে। কিন্তু গত কিছু দিন ধরে উত্তপ্ত পরিস্থিতিতে সেখানে দলকে না পাঠানোই ঠিক হবে বলে মনে করছে জিম্বাবুয়ে। পাকিস্তানের পত্রিকা ‘ডেইলি নিউজ’-ই এই সফরের পক্ষে ছিল না। পত্রিকাটি লিখেছিল, ‘একটা বিষয় পরিষ্কার। পাকিস্তান এই মুহূর্তে সফরের জন্য নিরাপদ গন্তব্য নয়।’ এএফপি।