পাকিস্তান সফরে বাংলাদেশের অনীহায় ভারতের হাত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৩ সালে পাকিস্তানের মাটিতে শেষবারের মতো টেস্ট খেলেছিল বাংলাদেশ। ফাইল ছবি
২০০৩ সালে পাকিস্তানের মাটিতে শেষবারের মতো টেস্ট খেলেছিল বাংলাদেশ। ফাইল ছবি
>

পাকিস্তান সফরে গিয়ে টেস্ট নয়, কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ। সফর নিয়ে এ অনীহার পেছনে ভারতের হাত দেখছেন কেউ কেউ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একসঙ্গে টানা সফর না করে প্রথমে টি-টোয়েন্টি সিরিজটা খেলে আসতে চায় বাংলাদেশ। টেস্ট সিরিজের জন্য প্রথমে নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব দিলেও বিসিবি পরে অবস্থান কিছুটা পাল্টেছে। টি-টোয়েন্টি সিরিজের সময় দেশটির নিরাপত্তা পরিস্থিতি বোঝার পরই টেস্ট সিরিজ নিয়ে সিদ্ধান্ত নিতে চায় তারা।

পাকিস্তান সফরে বাংলাদেশের অনীহার মূল কারণ দেশটির নিরাপত্তা পরিস্থিতি হলেও পাকিস্তানের সাবেক ক্রিকেটারেরা বিষয়টিকে দেখছেন অন্যভাবে। রশিদ খানের যেমন সন্দেহ, এতে ভারতের হাত থাকতে পারে। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার দেশটির দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশ যদি টেস্ট খেলতে পাকিস্তানে আসে, তাহলে ভারতের সমস্যা। কারণ, এই সিরিজে পাকিস্তানের জেতার সম্ভাবনা বেশি। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তখন ভারত ও পাকিস্তানের ব্যবধান কমে আসবে। এটা চায় না ভারত। আমি মনে করি আইসিসির উচিত বিষয়টিতে হস্তক্ষেপ করা, যাতে সফরটা ঠিকভাবে হয়।’

সাবেক উইকেটরক্ষক ওয়াসিম বারি পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে না গেলে বাংলাদেশেরই ক্ষতি দেখছেন, ‘আমি বুঝতে পারছি না কেন বাংলাদেশ পাকিস্তানে এসে টেস্ট খেলতে চাচ্ছে না! এতে তারাই তো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট খোয়াবে। এতে তাদেরই ক্ষতি। আশা করি বাংলাদেশ পাকিস্তান সফরে আসবে।’

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে প্রায় ১০ বছর টেস্ট ক্রিকেট হয়নি পাকিস্তানে। এ মাসে সেই শ্রীলঙ্কাই গত এক দশকে প্রথম দল হিসেবে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেছে। রাওয়ালপিন্ডি ও করাচিতে কড়া নিরাপত্তাই দেওয়া হয়েছে তাদের। তবে বিসিবির আপত্তির জায়গাটা ভিন্ন। সৈন্য-সামন্ত পরিবেষ্টিত ক্রিকেটে আর যা–ই হোক খেলার মেজাজটাই যে থাকে না!