পাকিস্তান সফরের জন্য শাস্তি!

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে যখন উত্তুঙ্গ বিতর্কে মত্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড, ঠিক সেই সময় জিম্বাবুয়ে থেকে পাওয়া এক সংবাদ বিব্রতই করছে তাদের। সংবাদটি রাষ্ট্র হিসেবে পাকিস্তানকেও যে যথেষ্ট বিব্রত করবে, সেটা অনস্বীকার্য। গত মে মাসে অনেক ঢাকঢোল পিটিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তানে যে সফরটি করেছিল, সে জন্য শাস্তি পেতে হচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান উইলসন মানাসেকে। জিম্বাবুয়ের স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন (এসআরসি) পাকিস্তানে দল পাঠানোর দায়ে মানাসেকে ক্রিকেট থেকে চার বছরের বহিষ্কারাদেশ দিয়েছে।
এদিকে, এই বহিষ্কারাদেশে বিস্ময় প্রকাশ করেছেন মানাসে নিজেই। জিম্বাবুয়ের শীর্ষস্থানীয় পত্রিকা নিউজ ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে মানাসে বলেছেন, পাকিস্তানে কেবল নিজের একার সিদ্ধান্তে আমি দল পাঠাইনি। বরং বোর্ড পুরো বিষয়টিই তদারক করেছে। বোর্ড দলনেতা নির্বাচন করে দিয়েছে।
তিনি বলেন, এই বহিষ্কারাদেশ বন্ধুরাষ্ট্র পাকিস্তানের জন্য বিব্রতকর, দেশটির ক্রিকেট বোর্ডও বিব্রত। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই সফরের জন্য চিঠি দিয়ে আমাকে অভিনন্দিত করেছিলেন, কৃতজ্ঞতা জানিয়েছিলেন। এখন এই বহিষ্কারাদেশ তাঁকে যথেষ্ট লজ্জার মধ্যেই ফেলবে।
এ বছরের মে মাসে ২০০৯ সালের পর প্রথম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে সন্ত্রাসকবলিত পাকিস্তান সফর করেছিল জিম্বাবুয়ে। এখন এসআরসি বলছে, পাকিস্তানে সেই সফরের যাওয়ার ব্যাপারে নাকি যথাযথ নিয়মকানুন অনুসরণ করা হয়নি। সূত্র: জি নিউজ।