সবকিছু ঠিক থাকলে এই ডিসেম্বরে শ্রীলঙ্কাতেই হচ্ছে পাকিস্তান-ভারত সিরিজ। দিন কয়েক আগেই ঠিক হয়ে গিয়েছিল ব্যাপারটা। আগামী মাসেই সিরিজটি দ্বীপদেশটিতে হওয়ার ব্যাপারে এল আরও দুটি ইতিবাচক সিদ্ধান্ত। এক, শ্রীলঙ্কায় ভারতের-পাকিস্তান সিরিজটি নিয়ে আপত্তি নেই পাকিস্তান সরকারের। দুই, নওয়াজ শরিফ সরকারের সবুজসংকেত দেওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিরিজ শুরুর সম্ভাব্য তারিখও জানিয়ে দিল—১৫ ডিসেম্বর।
ভারতের বিপক্ষে পাকিস্তানের এই ‘হোম’ সিরিজের ভেন্যু হিসেবে বাংলাদেশের নামটাও শোনা গিয়েছিল। কিন্তু গত রোববার দুবাইয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডপ্রধানদের বৈঠকে সিরিজটি শ্রীলঙ্কায় আয়োজনে নীতিগত সিদ্ধান্ত হয়। শ্রীলঙ্কা ক্রিকেটও এটি আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে। দুই ক্রিকেট বোর্ডের আন্তরিকতা সত্ত্বেও সিরিজটি আয়োজনের বড় প্রতিবন্ধকতা ছিল ভারত ও পাকিস্তান সরকারের সম্মতি পাওয়া। দুবাইয়ের বৈঠকে দুই দেশের সরকারের সবুজসংকেত পাওয়ার ওপরই গুরুত্ব দেওয়া হয়েছিল। পরশুই পাকিস্তান সরকার সবুজসংকেত দিল।
পাকিস্তান সরকারের সবুজসংকেতের দুই ঘণ্টার মধ্যেই ডিসেম্বরেই সিরিজ হওয়া নিয়ে আশাবাদ জানাল বিসিসিআই। ‘১৫ ডিসেম্বর থেকে সিরিজটি শুরু হওয়ার ব্যাপারে দুই বোর্ডই সম্মত। শ্রীলঙ্কায় পাঁচটির মতো ম্যাচ দিয়ে দুই দেশের ক্রিকেট সম্পর্ক আবার চালু হবে’—বলেছেন বিসিসিআই কর্মকর্তা, আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা। এখন সবচেয়ে যা জরুরি তা হলো ভারত সরকারের সবুজসংকেত। সিরিজ খেলার ছাড়পত্রের জন্য এরই মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ পাঠিয়েছে বিসিসিআই। ক্রিকবাজ।