সব ঠিকঠাক থাকলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে আসবে পাকিস্তান
পাকিস্তান সিরিজ তাহলে হচ্ছে!
কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে পরাজয়ে কালই শেষ হয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ। মেলবোর্নে বাংলাদেশ দলকে তবু থাকতে হচ্ছে বাড়তি একটি দিন। একে তো আইসিসি একসঙ্গে পুরো দলের জন্য বিজনেস ক্লাসের টিকিট দিতে পারেনি, তা ছাড়া মেলবোর্নে আজ একজন প্রবাসী বাংলাদেশির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা দলের। বাংলাদেশ দল তাই দেশের উদ্দেশে মেলবোর্ন ছাড়বে আগামীকাল বিকেলে। অ্যাডিলেড ও দুবাই হয়ে তারা ঢাকায় পৌঁছাবে পরশু সন্ধ্যা সাড়ে ৭টায়।
দেশে এসে কয়েক দিন বিশ্রাম নিয়েই খেলোয়াড়দের আবারও নেমে পড়তে হবে মাঠে। বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রস্তাব অনুযায়ী আগামী ২ এপ্রিল থেকেই শুরু হয়ে যাওয়ার কথা বিসিএল! প্রথম শ্রেণির ক্রিকেটের এই আসরে জাতীয় দলের খেলোয়াড়েরা খেলবেন, টুর্নামেন্ট কমিটি থেকে এমন প্রতিশ্রুতি দেওয়া আছে ফ্র্যাঞ্চাইজিদের। তার পরও যদি বিসিএল কোনো কারণে পিছিয়ে যায় বা জাতীয় দলের খেলোয়াড়েরা তাতে না খেলেন, তবু খুব বেশি দিন বিশ্রাম পাবেন না মাশরাফি-সাকিবরা। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলতে নেমে যেতে হতে পারে ২২ এপ্রিলই।
বোর্ড সূত্রে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর এখন অনেকটাই নিশ্চিত। সব ঠিকঠাক থাকলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তারা বাংলাদেশে আসবে। দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির সিরিজটি সম্ভবত শুরু হচ্ছে ওয়ানডে দিয়েই। প্রথম ম্যাচের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল।
এর আগে এপ্রিলের বাংলাদেশ সফর নিয়ে কিছু শর্ত জুড়ে দিয়েছিল পিসিবি। বিসিবিকে পাঠানো এক চিঠিতে সিরিজটাকে নিজেদের ‘হোম সিরিজ’ উল্লেখ করে এর অর্ধেক লভ্যাংশ দাবি করে তারা। একই সঙ্গে বাংলাদেশ ‘এ’ বা অনূর্ধ্ব-১৯ দলকে পাকিস্তান সফরে পাঠাতে হবে, চায় এমন লিখিত প্রতিশ্রুতিও। শর্ত না মানা হলে পাকিস্তান দল বাংলাদেশে আসবে না বলেও জানিয়ে দেয় পিসিবি।
বিসিবি শুরু থেকেই পাকিস্তানের এসব শর্তকে অযৌক্তিক বলে আসছে। তবে ভেতরে ভেতরে পিসিবির সিদ্ধান্ত পাল্টানোর চেষ্টাও চলেছে। সূত্র জানিয়েছে, সব দাবি পূরণ না করলেও পাকিস্তান দলের বাংলাদেশে আসা-যাওয়ার বিমানভাড়া দিতে রাজি হয়েছে বিসিবি। পিসিবি নাকি এই আশ্বাস পেয়েই মোটামুটি সরে এসেছে আগের অবস্থান থেকে। গত ৯ মার্চ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর বিসিবি সভাপতি নাজমুল হাসানকে ফোনে অভিনন্দন জানান পিসিবি প্রধান শাহরিয়ার খান। পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে দুই বোর্ডপ্রধানের মধ্যে আলোচনা হয় তখনই। পিসিবি সভাপতি নাকি নাজমুল হাসানকে বলেছেন, তারা বাংলাদেশ সফরে আসতে রাজি। অপেক্ষা শুধু পাকিস্তান সরকারের কাছ থেকে সবুজসংকেত পাওয়ার। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের কথায়ও কাল পাওয়া গেল সেই আভাস, ‘পিসিবি এখনো সফরের ব্যাপারে আমাদের চূড়ান্ত কিছু জানায়নি। তবে বলেছে, তারা তাদের সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে।’
পাকিস্তান সিরিজ তো আছেই, বাংলাদেশ দলের জন্য এই বছরটাই দারুণ ব্যস্ত কাটবে। এখন পর্যন্ত ২০১৫ সালে আর বিদেশ সফর না থাকলেও জুনের শুরুতে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের। ৩০ জুন আসবে দক্ষিণ আফ্রিকা। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ অক্টোবরে।