পাকিস্তান সিরিজে অনিশ্চিত এনামুল
বাংলাদেশ দলের কোয়ার্টার ফাইনালে যাওয়ার আনন্দটা তাঁর মধ্যেও আছে। তবে ওই পর্যন্তই। দলের সঙ্গী হতে না পারায় আছে হতাশাও। সেই হতাশা নিয়েই কাল অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এনামুল হক।
কাল রাতে মুঠোফোনে এনামুল বলছিলেন, ‘সব ম্যাচ খেলে দলের সঙ্গে ফিরতে পারলে বেশি ভালো লাগত। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি।’ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পাওয়া এনামুলের ডান কাঁধে অস্ত্রোপচার হয়েছে গত ১৩ মার্চ। অস্ট্রেলীয় চিকিৎসকদের দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী পুনর্বাসন শুরু করেছেন গত পরশু।
তবে ব্যাট হাতে নিতে এনামুলকে আরও অপেক্ষায় থাকতে হবে। আর সে কারণে অনিশ্চিত এপ্রিল-মেতে তাঁর পাকিস্তান সিরিজে খেলাও। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, এ ধরনের অস্ত্রোপচারের পর তিন-চার সপ্তাহ লাগে পুরোপুরি সুস্থ হতে। অনেক সময় পাঁচ-ছয় সপ্তাহও লেগে যায়। এরপর ব্যাট হাতে ছন্দে ফিরতে বা ফিটনেস ফিরে পেতে সময় লাগতে পারে আরও। এনামুলের ক্ষেত্রে সম্ভাবনাটা কী, সেটা অস্ট্রেলীয় চিকিৎসকদের কাগজপত্র দেখার পরই বলা যাবে।
এনামুল অবশ্য আশাবাদী, ‘এর মধ্যেই অবস্থার অনেক উন্নতি হয়েছে। আশা করি, পাকিস্তান সিরিজের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠব।’ পাকিস্তান দলের বাংলাদেশ সফরে আসার কথা আগামী ১৫ এপ্রিল।