পাকিস্তান সিরিজে সাকিবকে নিয়ে শঙ্কা
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজেও তাঁকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। তবে পাকিস্তান সিরিজের দুটি টেস্টে সাকিবকে পাওয়ার আশা আছে।
বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ দুবাই বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেছেন, ‘সাকিবের অন্তত তিন সপ্তাহ সময় লাগবে সুস্থ হয়ে মাঠে ফিরতে। টেস্ট সিরিজে তিনি খেলতে পারেন।’
অনুশীলনে চোট পাওয়া উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসানকেও শেষ দুটি ম্যাচে পায়নি বাংলাদেশ দল। তবে পাকিস্তান সিরিজের শুরু থেকেই তিনি থাকবেন। তবে পিঠের চোটে বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরে আসা পেস বোলিং অলরাউন্ডারকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
দেবাশীষ চৌধুরী এ দুজনের ব্যাপারে বলেছেন, ‘ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাইফ উদ্দিনকে। নুরুল হাসানকে পাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই।’
ক্রিকেটারদের চোটের সঙ্গে তাঁদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও আলোচনায় আসছে। টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষাবলয়ে থাকা ক্রিকেটারদের মানসিক অবসাদের বিষয়টি তুলে ধরেছেন।
আজ বিসিবির প্রধান চিকিৎসকও এ বিষয়ে তাঁদের ভাবনার কথা জানালেন, ‘এখন ক্রিকেটাররা ছুটি কাটাচ্ছেন। জৈব সুরক্ষাবলয়ে থাকার সময় কারও প্রয়োজন হলে আলাদা করে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে।’
ব্যর্থ বিশ্বকাপ শেষে এর মধ্যেই দেশে ফিরেছেন বিশ্বকাপ দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার। রাতের মধ্যেই আরও কয়েকজন ক্রিকেটারের দেশে ফেরার কথা। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও লিটন দাস আরও কয়েক দিন সংযুক্ত আরব আমিরাতে কাটিয়ে দেশে ফিরবেন।