পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য ১০০ থেকে ১০০০ টাকা

গত বছর মার্চে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দর্শক ছিল মাঠেছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাকালের আগে অনলাইনে ক্রিকেট ম্যাচের টিকিট কেনার সুযোগ ছিল। কিন্তু কাল শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজে অনলাইনে টিকিট কেনার সুযোগ থাকছে না।

বিসিবির নির্দিষ্ট বুথে থাকবে টিকিটের ব্যবস্থা। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন থাকা সাপেক্ষে টিকিট পাওয়া যাবে।

বিভিন্ন শ্রেণিতে টিকিটের মূল্য হবে সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত। টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ দল
ছবি: প্রথম আলো

পাকিস্তান সিরিজ দিয়ে ক্রিকেট মাঠে দর্শক ফিরতে যাচ্ছে। করোনার টিকার দুটি ডোজ দেওয়া থাকলে দর্শকেরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। করোনার কথা ভেবে গ্যালারির দর্শক ধারণক্ষমতার অর্ধেক আসনের টিকিট বিক্রি হবে।

মাঠে প্রবেশের সময় দর্শকদের করোনার টিকা গ্রহণের সনদ দেখাতে হবে। মাঠের ভেতর দর্শকদের মাস্ক পরিধান বাধ্যতামূলক।

১৯, ২০ ও ২২ নভেম্বর পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।

খেলা শুরু হবে বেলা দুইটায়। এরপর দুই ম্যাচ টেস্টের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্টের ভেন্যু মিরপুর।