পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত
সূচিটা কয়েক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিকভাবে তবু জানানো হয়নি পিসিবির সবুজসংকেত না মেলায়। ঘরোয়া ক্রিকেটের সূচির কারণে বাংলাদেশে আসার তারিখ নিয়ে একটু সংশয় থাকায় অপেক্ষা করছিল পিসিবি। অবশেষে কাল আনুষ্ঠানিকভাবে জানানো হলো সেটা। ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টির সিরিজ খেলতে ১৩ এপ্রিল ঢাকা আসছে পাকিস্তান। সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল।
আইসিসির আগের এফটিপি অনুযায়ী পাকিস্তানের বাংলাদেশে আসার কথা ছিল গত জানুয়ারিতে। ‘তিন মোড়লের’ যোগসাজশে বিশ্ব ক্রিকেটের খোলনলচে পাল্টে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়ে এই সিরিজও। পরে পাকিস্তানের অদ্ভুত সব দাবিতে আরেক দফা অনিশ্চয়তায় পড়ে সিরিজ। লভ্যাংশের ৫০ শতাংশ, সিরিজটাতে নিজেদের হোম সিরিজ দাবি করা, বাংলাদেশের একটি দলকে পাকিস্তানে পাঠানোসহ নানা দাবি তোলে পিসিবি। শেষ পর্যন্ত সোয়া তিন লাখ ডলার ক্ষতিপূরণ দিয়ে পাকিস্তানকে আনছে বিসিবি।
পাকিস্তানের বাংলাদেশ সফরসূচি
১৫ এপ্রিল বিসিবি একাদশ ফতুল্লা সকাল ৯টা
১৭ এপ্রিল ১ম ওয়ানডে মিরপুর বেলা ২-৩০ মি.
১৯ এপ্রিল ২য় ওয়ানডে মিরপুর বেলা ২-৩০ মি.
২২ এপ্রিল ৩য় ওয়ানডে মিরপুর বেলা ২-৩০ মি.
২৪ এপ্রিল টি-টোয়েন্টি মিরপুর সন্ধ্যা ৬-৩০ মি.
২৮ এপ্রিল-২ মে ১ম টেস্ট খুলনা সকাল ১০টা
৬-১০ মে ২য় টেস্ট মিরপুর সকাল ১০টা