পাকিস্তান সুপার লিগে দশ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফিজ নজর কাড়ছেন দেশের বাইরের লিগগুলোতেও। ছবি: প্রথম আলো
মুস্তাফিজ নজর কাড়ছেন দেশের বাইরের লিগগুলোতেও। ছবি: প্রথম আলো

সাকিব আল হাসান ও তামিম ইকবালের নাম আগেই জানা গিয়েছিল। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রকাশিত খেলোয়াড় তালিকায় দেখা যাচ্ছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আগ্রহী মোট বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দশ। তবে এঁদের সবাই যে দল পাবেন, তা নিশ্চিত নয়। ২১ ও ২২ ডিসেম্বর খেলোয়াড়দের ‘ড্রাফট’ অনুষ্ঠিত হবে। ওই দিনই জানা যাবে, কে কোন দলে খেলছেন।

টি-টোয়েন্টি লিগের রমরমা বাণিজ্যে এবার জোরেশোরে নামছে পিসিবি। সংযুক্ত আরব আমিরাতে ৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫ দলের এই টুর্নামেন্ট। ফাইনাল ২৩ ফেব্রুয়ারি​। পাকিস্তানের ১৩৭ ও ১৭১ জন বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন খেলোয়াড়দের লটারিতে। বিপিএলের মতোই হবে লটারি। খেলোয়াড়দের প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং—এই পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম তিনটি ক্যাটাগরি থেকে তিনজন করে খেলোয়াড় নিতে পারবে একেকটি দল। উদীয়মান খেলোয়াড় ক্যাটাগরি থেকে দুজনকে নিতেই হবে। সিলভার ক্যাটাগরি থেকে নেওয়া যাবে পাঁচজন।

প্রত্যেকটি দলে কমপক্ষে চারজন করে বিদেশি খেলোয়াড় রাখার নিয়ম করে দিয়েছে পিসিবি, অনেকটা বিপিএলের মতো। যাতে টুর্নামেন্টে বিদেশি তারকাদের অংশগ্রহণ নিশ্চিত হয়। আকর্ষণও বাড়ে। কেভিন পিটারসন, ক্রিস গেইল, শেন ওয়াটসন, তিলকরত্নে দিশলানের মতো তারকারা এরই মধ্যে আগ্রহ দেখিয়েছেন এই টুর্নামেন্টে খেলার।

বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে একমাত্র সাকিবই আছেন প্লাটিনাম ক্যাটাগরিতে। ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের কেউ নেই। তামিম, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস আছেন গোল্ড ক্যাটাগরিতে। সিলভার ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ ও এনামুল হক। কোন ক্যাটাগরির খেলোয়াড়ের দাম কত, তা অবশ্য পিসিবির পক্ষ থেকে জানানো হয়নি।

খেলোয়াড় ড্রাফটে থাকা বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৫৯ জন আছেন ইংল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজের ৩৮, শ্রীলঙ্কার ২২, অস্ট্রেলিয়ার ১০ ও, দক্ষিণ আফ্রিকার আছে ৭ জন।