পাকিস্তান 'অধিনায়ক'দেরই শিকার করে চলেন আমির!

প্রথম তিনটি বলেই মোহাম্মদ হাফিজকে ভোগালেন মোহাম্মদ আমির। চতুর্থটি আরও দুর্দান্ত। ছেড়ে দেবেন নাকি চালাবেন—খানিকটা দ্বিধায় ভুগলেন হাফিজ। শেষ মুহূর্তে যখন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, অনেক দেরি হয়ে গেছে। হাফিজের ব্যাটের লেগে বল উইকেটরক্ষক এনামুল হকের গ্লাভসে।
মাত্র ১ রানে মোহাম্মদ আমিরের শিকার হয়ে ফিরলেন হাফিজ। বুনো উল্লাসে মাতলেন আমির। ভেতরে জমে থাকা ক্ষোভ কি উগরে দিলেন চিটাগংয়ের পাকিস্তানি পেসার? কীসের ‘ক্ষোভ’? সেটি হতে পারে হাফিজের ওই মন্তব্য। কদিন আগে বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়ে হাফিজ বলেছিলেন, ‘আমিরের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না।’
গতকাল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আমিরকে প্রথম ওভার করিয়েই সরিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। হাফিজকে ব্যাটিংয়ে দেখেই কি আবার আক্রমণে এনেছিলেন চিটাগং অধিনায়ক? তামিম অবশ্য ক্রিকেটীয় ব্যাখ্যাই দিলেন ম্যাচ শেষে, ‘যা হয়েছে বা মিডিয়ায় আলোচনা হয়েছে, এটা নিয়ে ও কখনো চিন্তিত ছিল না। সে খুব স্বাভাবিকই ছিল। উইকেটে নেওয়ার পর এমন হয়নি যে, হাফিজের কাছে গিয়ে কিছু বলেছে। আর ওই সময় আমাদের একটা উইকেট দরকার ছিল। হাফিজকে দ্রুত ফেরানো দরকার ছিল। আমির আমাদের মূল বোলার, এ কারণে ওকে আনা হয়েছিল। আগের কোনো ঘটনার কারণে নয়। খেলার মধ্যে এত কিছু মাথায় থাকে না।’
এ বছর টি-টোয়েন্টিতে ফিরেই পাকিস্তানের বর্তমান-সাবেক চার অধিনায়ককে ফিরিয়েছেন আমির। আজকের শিকার হাফিজ। বিপিএলের প্রথম ম্যাচেই বোল্ড করেছিলেন রংপুর রাইডার্সের হয়ে খেলা মিসবাহ-উল-হককে। চট্টগ্রামে সিলেট সুপারস্টারসের শহীদ আফ্রিদিকেও ফিরিয়েছেন পরিষ্কার বোল্ড করে। এ বছর মে মাসে ঘরোয়া টি-টোয়েন্টিতে বোল্ড করেছিলেন শোয়েব মালিককেও। হাফিজ অবশ্য ‘সৌভাগ্যবান’ ভাবতে পারেন, অন্তত বোল্ড হতে হয়নি!
পাকিস্তান ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক আজহার আলীকে অবশ্য আউট করা হয়নি আমিরের। হবে কী করে, সীমিত ওভারে দুজন এখনো মুখোমুখিই হননি।
আমিরের পাকিস্তান দলে ফেরা, না-ফেরা নিয়ে নানা কথাই হচ্ছে। মাঠের বাইরে যা-ই হোক, পারফরম্যান্স দিয়ে ঠিকই নিজের প্রত্যাবর্তনের দাবিটা জোরালো করে চলেছেন বাঁহাতি পেসার। বিপিএলে এখনো পর্যন্ত নিয়েছেন ১৪ উইকেট। আমিরকে নিয়ে তাই যত কথাই হোক; তামিম মনে করেন কয়েক মাসের মধ্যে পরিস্থিতি বদলে যাবে, ‘মনে হয়, আগামী কয়েক মাসের মধ্যেই ওরা একই দলে খেলবে। আমার কাছে মনে হয় না ওকে (হাফিজ) নিয়ে আমিরের মনে খারাপ কিছু আছে। নিশ্চিত হাফিজেরও আমিরকে নিয়ে খারাপ কিছু নেই। আমার ধারণা, এসব ঠিক হয়ে যাবে।’