পাকিস্তান 'ক্রিকেটের ব্রাজিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম। ছবি: এএফপি
ওয়াসিম আকরাম। ছবি: এএফপি

ফুটবলে প্রতিভার অভাব নেই ব্রাজিলে। রোমারিও-বেবেতোদের প্রজন্ম শেষে হাল ধরেছিলেন রোনালদো-রিভালদো-রোনালদিনহোরা। কাকা তো ছিলেনই। তাঁদের প্রস্থানের পরও প্রতিভার অভাব হয়নি ব্রাজিলে। নেইমার-কুতিনহো-ফিরমিনোরা থাকতেই চলে এসেছেন ভিনিসিয়ুস-রদ্রিগোরা। ব্রাজিলের এন্তার প্রতিভার সঙ্গেই পাকিস্তানের তুলনা টানলেন ওয়াসিম আকরাম। পাকিস্তানে যে পরিমাণ ক্রিকেট প্রতিভা রয়েছে তাতে নিজের দেশকে ‘ক্রিকেটের ব্রাজিল’ বলেই মনে করেন কিংবদন্তি এ পেসার।

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্সের সঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় মন্তব্যটি করেন ওয়াসিম। পাকিস্তানে ক্রিকেট প্রতিভা নিয়ে জোন্স বলছিলেন, ‘তোমার পাকিস্তান প্রতিভার কারখানা। অস্ট্রেলিয়ায় আমরা বলে থাকি, পাকিস্তানে প্রচুর প্রতিভা। ব্যাপার হলো তাদের কীভাবে কাজে লাগাবে।’ ওয়াসিম এ কথার সঙ্গে যোগ করেন, ‘...আনকোরা প্রতিভা। যেন ক্রিকেটের ব্রাজিল।’

ব্রাজিল ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। পাকিস্তান ক্রিকেটে একবার বিশ্বকাপ জিতলেও তাদের প্রতিভার অভাব নেই। সরফরাজ নওয়াজ থেকে ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, সাঈদ আনোয়ার, ইনজামাম-উল হক, শোয়েব আখতার, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আমির, আসিফ থেকে হালের বাবর আজম। সবাই নিজেদের প্রতিষ্ঠিত করেছেন ক্রিকেটে। তবে এদের বাইরে ঝরে পড়া প্রতিভার সংখ্যাই বেশি। পাকিস্তান প্রতিভার অপচয় করে, এমন কথাও প্রচলিত আছে ক্রিকেটে।

অস্ট্রেলিয়ার হয়ে ৫২ টেস্টে ও ১৬৪ ওয়ানডে খেলা জোন্স মনে করেন ক্রিকেটে পাকিস্তান বিশেষ দল। তার কারণও ব্যাখ্যা করলেন জোন্স, ‘আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানিদের টেকনিক আলাদা। পেস বোলারদের আচরণও আলাদা। ওয়াসিম, ওয়াকার, শোয়েব, কাদির, মুশতাক আহমেদদের মতো বোলার এখনো উঠে আসছে। আশির দশকে ইমরান দায়িত্ব নেওয়ার পর থেকে পাল্টানো শুরু হয়। ১৯৯২ সালে এমসিজিতে লাখো দর্শকের সামনে ইংল্যান্ডকে ছিঁড়েখুঁড়ে ফেলাটা অসাধারণ এক স্মৃতি।’