
কীভাবে তাঁদের মনে রাখবে পাকিস্তানের ক্রিকেট? ক্যারিয়ারের শেষ ইনিংসে মিসবাহ-উল-হক করেছেন ২ রান। ইউনিস খান ৩৫। কিন্তু মিসবাহ আর ইউনিসের পুরো ক্যারিয়ার দেখলে দুজনের এই দুটি ইনিংসের কথা কে আর বলবে! অসামান্য একজন অধিনায়ক আর অসাধারণ একজন ব্যাটসম্যানের ছবিই সবার চোখে ভেসে উঠবে তখন।
বিদায়ী টেস্টে মিসবাহ আর ইউনিসকে কি জয়ীর বেশে দেখা গেছে? চতুর্থ দিন শেষে ম্যাচের যে অবস্থা ছিল তাতে হয়তো বিজয়ীর হাসি নিয়েই মাঠ ছেড়েছেন তাঁরা। শেষ ম্যাচে তাঁরা রান পেলেন কি পেলেন না, জিতলেন কি জিতলেন না তাতে কীই-বা এসে যায়। পাকিস্তানের এই দুই ক্রিকেটার যে সত্যিকারের বিজয়ী।
মিসবাহকে পাকিস্তান মনে রাখবে দারুণ এক নেতা হিসেবে। কয়েক দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান তো বলেছেন, অধিনায়ক হিসেবে ইমরান খানের চেয়েও এগিয়ে মিসবাহ। মিসবাহর পরিসংখ্যানও তাই বলছে। ২০১০ সালে পাকিস্তান দলের ভীষণ দুঃসময়ে ধরেছিলেন হাল। স্পট ফিক্সিংয়ের তোড়ে দেশটির ক্রিকেট তখন টালমাটাল। সেই সময়ে অনেকটা গোপনেই মিসবাহর কাঁধে দায়িত্ব দিয়েছিল পিসিবি। এমনকি বোর্ডের চেয়ারম্যানের কক্ষেও এ নিয়ে আলোচনায় বসেনি কর্তৃপক্ষ। পিসিবির এক কেরানির কক্ষে বসেই তাঁকে দেওয়া হয়েছিল প্রস্তাব। মিসবাহ প্রস্তাবটি গ্রহণ করে নিজের পরিবারের কাছেই গোপন রাখেন প্রায় এক সপ্তাহ।
তবে নেতৃত্ব পাওয়ার পর আর পেছন ফিরে তাকাননি। কিছু ফুল দেরিতে ফোটে, দেরিতেই গন্ধ বিলায়। মিসবাহ যেন সে রকম এক ফুল। ৩৫ বছর পেরোনোর পর যেন পূর্ণ প্রস্ফুটিত হয়েছেন মিসবাহ। ডমিনিকা টেস্টের আগে ক্যারিয়ারে ৫ হাজার ১৬১ রান করেছেন। এর মধ্যে ৪ হাজার ৪৪৮ রানই করেছেন ৩৫ পেরোনোর পর। ক্যারিয়ারে খেলা ৭৫ টেস্টের ৫৬টিতেই অধিনায়ক। দেশের বাইরে সবচেয়ে বেশি টেস্টজয়ী (ডমিনিকা ম্যাচের আগে ২৫টি) অধিনায়ক তিনিই। ছাড়িয়ে গেছেন ২৩ টেস্টজয়ী ক্লাইভ লয়েডকে। পাকিস্তানকে টানা ৫৬ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। সময়ের হিসাবে যেটা ৬ বছর ১৭৫ দিন। তাঁর পরেই ইমরান খান—৫ বছর ৩১৪ দিনে পাকিস্তানকে টানা ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ইমরান। পাকিস্তানের দুঃসময়ে ব্যাট হাতেও মিসবাহ দাঁড়িয়ে গেছেন হিমালয়ের মতো। ১৬ বছরের ক্যারিয়ারে ১০টি সেঞ্চুরিসহ ৪৬.৬২ গড়ে করেছেন ৫ হাজার ২২২ রান।
অসাধারণ নেতৃত্বের কারণেই পাকিস্তানের ক্রিকেটে অমর হয়ে থাকবেন মিসবাহ। ইউনিসের অধিনায়কত্বের মুকুটে জ্বলজ্বল করে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। পাকিস্তানকে প্রথম বৈশ্বিক শিরোপা অবশ্য জেতান ইমরান খান। সেটি ১৯৯২ সালে ওয়ানডের বিশ্বকাপ। নেতৃত্বের জন্য নয়, ইউনিসকে ক্রিকেট-বিশ্ব মনে রাখবে একজন ‘গ্রেট’ ব্যাটসম্যান হিসেবে। বিশ্ব ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে অনেকের থেকেই পিছিয়ে থাকবেন ইউনিস। কিন্তু শুধু পাকিস্তানের কথা এলে? কেউ হয়তো হানিফ মোহাম্মদের কথা বলবেন। কেউ বলবেন জাভেদ মিয়াঁদাদ বা জহির আব্বাসের কথা। কিন্তু টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করা প্রথম পাকিস্তানি ক্রিকেটার তো ইউনিসই। ডাবল সেঞ্চুরি করেছেন ছয়টি। যার একটিকে আবার রূপ দিয়েছেন ট্রিপলে। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন একটি জরিপে দেখিয়েছে, সবাইকে ছাড়িয়ে ইউনিসই এক নম্বরে।
একজন মহান নেতা আর একজন মহান ব্যাটসম্যান। এটা নিশ্চিত দুজনকে একসঙ্গে হারানোর ধাক্কা সামলে উঠতে পাকিস্তানকে বহুদিনই অপেক্ষা করতে হবে। তাঁদের হারানোর আক্ষেপ কতটা, সেটি স্পষ্ট হয়ে উঠেছে মাঠের বড় পর্দায় ভেসে ওঠা ওই শব্দ জোড়ায়ও—মিসবাহর ‘মিস’ ও ইউনিসের ‘ইউ’ মিলিয়ে ‘মিস-ইউ’!