পাকিস্তানই মিসবাহর ফেবারিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসবাহ-উল-হক
মিসবাহ-উল-হক

বারবার একই কথা বলে গেলেন মিসবাহ-উল-হক। টেস্ট ক্রিকেট ভিন্ন ধরনের খেলা! ওয়ানডে, টি-টোয়েন্টির সঙ্গে টেস্টের পার্থক্য শেখ আবু নাসের স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে থাকা কারও অজানা নয়। তার পরও টেস্টের সঙ্গে ওই দুই ধরনের ক্রিকেটের পার্থক্য বোঝানোর গুরুদায়িত্বই যেন কাল কাঁধে তুলে নিলেন পাকিস্তান অধিনায়ক!
দোষটা আসলে মিসবাহরও নয়। তাঁকে যে প্রশ্নই করা হচ্ছিল এমন! ওয়ানডেতে ‘বাংলাওয়াশ’, এরপর সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতেও পরাজিত পাকিস্তানের আত্মবিশ্বাসটা আসলে এখন কোথায়? টানা ম্যাচ হারার নেতিবাচক প্রভাব কি পড়বে না টেস্ট সিরিজে? মিসবাহর দল কি পারবে বিরুদ্ধ পরিস্থিতিতেও মাথা তুলে দাঁড়াতে! কিংবা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অমন পরাক্রমশালী হয়ে ওঠা বাংলাদেশ টেস্টের প্রতিপক্ষ হিসেবে কেমন হবে? ঘুরেফিরে প্রশ্নের ধরন একই। মিসবাহরও ওই এক কথা—ওয়ানডে, টি-টোয়েন্টি আর টেস্ট ক্রিকেট এক নয়, ‘ডিফারেন্ট বল গেম।’
টেস্ট ক্রিকেটে নিজেদের এগিয়ে রাখতে অভিজ্ঞতার কথাই বারবার তুলে ধরলেন পাকিস্তান অধিনায়ক, ‘আমাদের টেস্ট দলটা বেশ অভিজ্ঞ। এই কম্বিনেশনেই আমরা অনেক দিন ধরে ভালো খেলে আসছি। টেস্ট ভিন্ন ধরনের ক্রিকেট, আর আমাদের ছেলেরাও টেস্ট ক্রিকেটটাই ভালো বোঝে।’ সেই সঙ্গে খেলোয়াড়দের টেস্টের ফর্ম আর কন্ডিশনকেও ভাবছেন নিজেদের অনুকূলে।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তান থেকে নির্বাসনে চলে গেছে আন্তর্জাতিক ক্রিকেট। পাকিস্তানের ‘হোম গ্রাউন্ড’ এখন আবুধাবি কিংবা দুবাই। পাকিস্তান অধিনায়ক সেসব জায়গার সঙ্গে বাংলাদেশের কন্ডিশনের বেশ মিল খুঁজে পাচ্ছেন বলেই জানালেন। তার মানে বাংলাদেশের ওয়ানডে আর টি-টোয়েন্টি বিজয়ের আত্মবিশ্বাসের বিপরীতে আছে পাকিস্তানের অভিজ্ঞতা আর কন্ডিশন চেনার সুবিধা। এসবের যোগ-বিয়োগের ফল মিসবাহর কাছে একটাই—টেস্ট সিরিজের আগে এগিয়ে আছে তাঁর দল।
বাংলাদেশের কাছে টানা চার ম্যাচ হারলেও টেস্টে সেটা বাড়তি কোনো চাপ হবে বলেও মনে করেন না মিসবাহ। তবে মানছেন, এবার অন্য বাংলাদেশকেই দেখছে পাকিস্তান, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। এটা ঠিক যে আমাদের প্রতিপক্ষ দল ভালো খেলছে। নিজেদের মাঠে তারা খুব ভালো দলও। আর বিশ্বকাপ থেকেই দলটা অনেক আত্মবিশ্বাসী। কাজেই আমাদের সেরাটাই খেলতে হবে।’ বাংলাদেশ দলের আত্মবিশ্বাসে চিড় ধরানোটাকেও জরুরি মনে করেন পাকিস্তান অধিনায়ক। তবে সেরা খেলার বিকল্প দেখেন না সেটার জন্যও।
ওয়ানডে আর টি-টোয়েন্টির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে সাফল্যের ব্যাটন পেয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মিসবাহদের জন্য এবার টেস্টেও নিজেদের সেরা খেলাটা বোধ হয় এবার সহজ হবে না।